Bartaman Logo
২৭ মে, ২০২৬

ক্লাসে অজ্ঞান পড়ুয়ারা, কোচিং ইনস্টিটিউট সিল করল পুরসভা

ক্লাসে অজ্ঞান পড়ুয়ারা, কোচিং ইনস্টিটিউট সিল করল পুরসভা
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
জয়পুর: রবিবার ক্লাস চলাকালীন আচমকা অজ্ঞান হয়ে পড়েছিল বেশ কয়েকজন পড়ুয়া। এজন্য সোমবার রাজস্থানের গোপালপুরা বাইপাসের এক কোচিং ইনস্টিটিউট সিল করে দিল রাজস্থানের জয়পুর গ্রেটার পুরসভা। এই ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে রাজ্য মানবাধিকার কমিশন। একইসঙ্গে অসুস্থ পড়ুয়াদের আর্থিক ক্ষতিপূরণের আর্জি জানিয়েছেন কমিশনের চেয়ারপার্সন জাস্টিস জি আর মুলচন্দানি। 
Advertisement
রবিবার অন্যান্য দিনের মতোই কোচিং ইনস্টিটিউটে ক্লাস চলছিল। ভিতরে ছিল প্রায় ৩৫০ পড়ুয়া। আচমকা তাদের মধ্যে বেশ কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে। অনেকের মাথাব্যাথার পাশাপাশি প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। আতঙ্কিত হয়ে পড়ে বাকি পড়ুয়ারা। অসুস্থদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খালি করা হয় ইনস্টিটিউট চত্বর। পুলিসের প্রাথমিক ধারণা, নিকাশি নালার বিষাক্ত গ্যাস বা রান্নাঘরে ধোঁয়ার জেরেই এই বিপত্তি। 
ইতিমধ্যে তদন্তের জন্য ছয় সদস্যের টিম গঠন করেছেন জয়পুর গ্রেটার পুরসভার (মান সরোবর জোন) ডেপুটি কমিশনার লক্ষ্মীকান্ত কাতারা। তিনি বলেন, তদন্তের স্বার্থে সোমবার থেকে এই কোচিং ইনস্টিটিউটটি সিল করা হয়েছে।’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠানে ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি  পড়ুয়া ভর্তি করা হয়। কোচিং সেন্টারগুলির জন্য নির্দেশিকা তৈরির দায়িত্ব রাজ্য সরকারের। আগের সরকার প্রতাপনগরে একটি কোচিং হাব নির্মাণ করেছিল। অবিলম্বে এই প্রতিষ্ঠানগুলিকে সেখানে স্থানান্তরিত করা উচিত।’
এদিকে রবিবার কোচিং সেন্টারের বাইরে ধরনায় বসেছিল পড়ুয়ারা। বিক্ষোভে শামিল হন কংগ্রেসের ছাত্র শাখার কয়েকজন নেতা। অভিযোগ, কর্তৃপক্ষ বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে। পরে পুলিস এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। 
সম্পর্কিত সংবাদ