সংবাদদাতা, কালনা: দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে বন্ধ রয়েছে মাইক্রো সার্জারি। ল্যাপারোস্কোপি মেশিন বিকল হয়ে থাকাতেই এই অপারেশন বন্ধ হয়ে রয়েছে। এই পদ্ধতিতে চিকিৎসা পরিষেবা বন্ধ থাকায় হাজার হাজার টাকা খরচ করে রোগীরা ছুটছেন বেসরকারি হাসপাতালে। রোগীদের দাবি, অবিলম্বে হাসপাতালে ফের মাইক্রো সার্জারি চিকিৎসা চালু করা হোক।
Advertisement
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কালনা মহকুমা হাসপাতাল চত্বরে গড়ে তোলা হয় আধুনিক চিকিৎসার সুবিধাযুক্ত পাঁচতলা সুপার স্পেশালিটি হাসপাতাল। ধাপে ধাপে এইচডিইউ, এসএনসিইউ, উন্নত প্রযুক্তির এক্স-রে, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম, ডায়ালিসিস, সিটিস্ক্যান সহ অন্যান্য চিকিৎসার পাশাপাশি মাইক্রো সার্জারির সুবিধা পেতে শুরু করেন রোগীরা। গলব্লাডার স্টোন সহ বিশেষ করে পেটের কিছু রোগে ল্যাপারোস্কোপি করা হয়। বেশি না কেটে সামান্য ফুটো করে পেটের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে এই অপারেশন করা হয়। কালনা হাসপাতালের রোগীরাও সেই সুবিধা পাচ্ছিলেন। কিন্তু গত চার মাসের বেশি সময় ধরে কয়েক লক্ষ টাকা দামের মেশিন বিকল হয়ে থাকায় বন্ধ রয়েছে মাইক্রো সার্জারি। হাসপাতালে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পেতেন রোগীরা। কালনা সহ হুগলি, নদীয়া জেলা থেকে এই পরিষেবা পেতে বহু রোগী আসতেন। হাসপাতালের এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে রোগীরা হাজার হাজার টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে যাচ্ছেন। স্বাভাবিক কারণে রোগী ও রোগীর পরিজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্যদপ্তরকে জানানো হয়েছে বলে জানা গিয়েছে।



