সংবাদদাতা, কালনা: এসএফআইয়ের মহকুমা শাসকের দপ্তর অভিযান কর্মসূচি ঘিরে বুধবার কালনা কলেজের সামনে উত্তেজনা ছড়ায়। এসএফআই ও শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে বচসা থেকে ধাক্কাধাক্কি হয়। তবে, বড় কিছু ঘটার আগেই পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন ছাত্র সংসদ নির্বাচন ও স্কুল পরিচালন সমিতির নির্বাচন করানো, পড়াশোনার খরচ কমানো সহ কয়েক দফা দাবি নিয়ে মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেয় এসএফআই। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি প্রবীর ভৌমিক, সম্পাদক ঊষশী রায়চৌধুরী প্রমুখ। শহর সম্পাদক নীলাঞ্জন মুখোপাধ্যায় বলেন, এদিন আমরা কালনা কলেজ গেটে ছোট সভা করি। সেই সময় পুলিসের উপস্থিতিতে তৃণমূলের কিছু ছেলে এসে আমাদের ধাক্কাধাক্কি করে। আমরা বুঝতে পারি ওরা আমাদের কর্মসূচি বানচালের পরিকল্পনা করছে। আমরা কোনও প্ররোচনায় পা না দিয়ে সভা শেষ করি। তৃণমূল ছাত্র পরিষদের শহর সভাপতি ঋতব্রত সুর বলেন, ওরা বহিরাগত ও নন স্টুডেন্টদের নিয়ে এসে কলেজে অশান্তি করার চেষ্টা করেছিল।



