সংবাদদাতা, কালনা: চাকরি ও বাংলার বাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল কালনা-১ ব্লকের হাটকালনা পঞ্চায়েতের শাসক দলের উপপ্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন কালনা থানা ও বিডিও অফিসে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিস-প্রশাসন। তৃণমূল কংগ্রেস পরিচালিত হাটকালনা পঞ্চায়েতের উপপ্রধান রণজিৎ সেনের বিরুদ্ধে সিভিক ভলান্টিয়ারে ও কালনা হাসপাতালে কাজ দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও বাংলাবাড়ি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করেও উপপ্রধান টাকা নিয়েছে বলে অভিযোগ। অভিযোগকারীদের বক্তব্য, চাকরি ও ঘর তো পাননি। উপরন্তু টাকা ফেরত চেয়ে বারবার উপপ্রধানের কাছে গিয়ে ফিরতে হয়েছে। হুমকিও শুনতে হচ্ছে। এক অভিযোগকারী মনোজ সর্দার বলেন, উপপ্রধান রণজিৎ সেন আমাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি করে দেবেন বলে দেড় বছর আগে এক লক্ষ টাকা নেন। আমি দিদির গয়না বন্ধক রেখে টাকা দিয়েছি। চাকরি তো হয়নি। উপরন্তু টাকা ফেরত চাইতে গেলে আজ নয় কাল বলে ঘোরাচ্ছে। টাকা না পেয়ে প্রশাসনের কাছে বিষয়টি জানাতে বাধ্য হয়েছি। আমি চাই প্রশাসন আমার টাকা ফেরতের জন্য উপযুক্ত ব্যবস্থা নিক। অভিযুক্ত উপপ্রধান রণজিৎ সেন বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয়। তদন্ত করলেই আসল তথ্য সামনে আসবে। কালনা-১ বিডিও সুপ্রতীক সাহা বলেন, অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।



