Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় জোড়া দুর্ঘটনা, মৃত্যু দুই বাইক চালকের

কলকাতায় জোড়া দুর্ঘটনা, মৃত্যু দুই বাইক চালকের
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার রাত থেকে মঙ্গলবারের সকাল। ১০ ঘণ্টার ব্যবধানে শহরে জোড়া দুর্ঘটনা। দু’টি পৃথক ঘটনায় মৃত্যু হল দুই বাইক চালকের। হেয়ার স্ট্রিট থানা এলাকার বিবাদী বাগে ও জোড়াসাঁকো থানা এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে। 
Advertisement
সোমবার রাত সাড়ে দশটা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে বাড়ি ফিরছিলেন এক যুবক। নাম সরফরাজ আহমেদ। বয়স ২৫ বছর। তিলজলা থানা এলাকার জি জে খান রোডের বাসিন্দা তিনি। পুলিস সূত্রে খবর, রাস্তায় একটি পণ্যবাহী গাড়ি তাঁকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন যুবক। তাঁর হেলমেট থাকা সত্ত্বেও মাথায় গুরুতর চোট লাগে। প্রত্যক্ষদর্শীরাই পুলিসে খবর দেন। জোড়াসাঁকো থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে যুবককে উদ্ধার করে দ্রুত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই রাত আড়াইটে নাগাদ সরফরাজের মৃত্যু হয়। এই ঘটনায় চালক সহ ঘাতক গাড়িটিকে আটক করেছে জোড়াসাঁকো থানার পুলিস। চালকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হচ্ছে বলে লালবাজার সূত্রে খবর। 
অন্যদিকে, সপ্তাহের মঙ্গলবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক চালকের। ব্র্যাবোর্ন রোডে লায়নস রেঞ্জ ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম গৌতম আঢ্য (৬০)। হাওড়ার জগাছা এলাকার বাসিন্দা তিনি। সূত্রের খবর, এদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে কলকাতায় আসছিলেন গৌতমবাবু। সকাল ৯টা নাগাদ ‘সি’ রুটের একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মারে। তাতেই নিয়ন্ত্রণ হারান গৌতমবাবু। রাস্তাতেই পড়ে যান তিনি। ওই অবস্থায় তাঁকে চাপা দিয়ে চলে যায় বাসটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সেখানে যায় হেড কোয়ার্টার ট্রাফিক গার্ড ও হেয়ার স্ট্রিট থানার পুলিস। তাঁকে উদ্ধার করে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক করা হয়েছে হাওড়া ময়দান-পার্ক স্ট্রিট রুটের ওই বেসরকারি বাসকে। দুর্ঘটনার পর বাস ছেড়ে চম্পট দিয়েছে চালক ও কন্ডাক্টর। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিস। দু’টি ক্ষেত্রেই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে লালবাজারের ফেটাল স্কোয়াড। উল্লেখ্য, শনিবার সকালে মা ফ্লাইওভার থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু হয় বাইকচালক ও আরোহীর। ওইদিনই রাতে ই এম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন আরও এক বাইকচালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অর্থাৎ, এনিয়ে গত তিনদিনে শহরে চারটি দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
সম্পর্কিত সংবাদ