নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরানো টাটা সুমোর বদলে কলকাতা পুলিসের সব থানার ওসিদের এবার নতুন এসইউভি গাড়ি দেওয়া হবে। ইতিমধ্যেই কলকাতার হেয়ার স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, ওয়াটগঞ্জ থানার ওসিরা মারুতির একটি বিশেষ মডেলের নতুন এসইউভি গাড়ি পেয়েছেন। পাশাপাশি, কলকাতা পুলিসের নবগঠিত ভাঙড় ডিভিশনের সমস্ত থানার ওসিরাও মেরুন রংয়ের এই নতুন গাড়ি পেয়েছেন। ধাপে ধাপে বাকি কলকাতার বাকি থানার ওসিরাও এই নতুন এসইউভি গাড়ি পাবেন।
Advertisement
লালবাজার সূত্রে খবর, বর্তমানে কলকাতা পুলিসের থানার ওসিদের ব্যবহৃত টাটা সুমো গাড়িগুলো কমপক্ষে ১২-১৫ বছরের পুরানো। তাই এই গাড়ি বদল করার দরকার ছিল। সেই সঙ্গে ব্যুরো অব পুলিস রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের গাইডলাইন মেনে দেশের বাকি মেট্রো শহরের পুলিসের গাড়ির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই নতুন এসইউভি গাড়ি কেনা হয়েছে।



