Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কলকাতাকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন গুয়াহাটি

কলকাতাকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন গুয়াহাটি
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সর্বভারতীয় আন্তঃ সাই ফুটবল টুর্নামেন্টে কলকাতাকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল গুয়াহাটি। বুধবার জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অনূর্ধ্ব-১৪ ওই ম্যাচ অনুষ্ঠিত হয়। জয়ী দলের হয়ে ২টি গোল করে কাকলি গগৈ। টুর্নামেন্টে মোট চারটি গোল করেছে সে। এদিন জয়ী দলের হয়ে বাকি গোল দু’টি করে মিলিনা বসুমাতারি ও মল্লিকা রাজকুমারী। এদিন প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয় কাকলি। অন্যদিকে, গোটা টুর্নামেন্টে ১২টি গোলের রেকর্ড গড়ার সুবাদে সেরা খেলোয়াড়ের ট্রফি জিতে নিয়েছে মল্লিকা। সেরা গোলকিপার নির্বাচিত হয় জয়ী টিমের পরী সাবুকদারা। সাই-এর রিজিওনাল সেন্টার গুয়াহাটির এস পি সালভারাজ ও মদনকুমারের হাতে তুলে দেওয়া হয় সফল কোচের ট্রফি।
Advertisement
স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার (সাই) জলপাইগুড়ি সেন্টারের ইনচার্জ ওয়াসিম আহমেদ বলেন, ১৯ জানুয়ারি থেকে মেয়েদের ফুটবল শুরু হয়। সাই-এর কলকাতা, গুয়াহাটি ও তিরুবনন্তপুরম রিজিওনাল সেন্টারের তিনটি টিম অংশ নেয় টুর্নামেন্টে। এখানে যারা খেলল, তাদের মধ্যে থেকে বাছাই করে বিসি রায় জুনিয়র ন্যাশনাল এবং সুব্রত মুখোপাধ্যায় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জন্য সাই-এর টিম তৈরি করা হবে।
ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়া কাকলি গগৈ-এর বাড়ি অসমের গোলাঘাটে। বাবা জিতেন গগৈ কৃষক। নবম শ্রেণির ছাত্রী কাকলি গত একবছর ধরে সাই-এর গুয়াহাটি রিজিওনাল সেন্টারে ফুটবলের প্রশিক্ষণ নিচ্ছে। এর আগে সে অনূর্ধ্ব-১৭ সাব জুনিয়র এবং স্কুল ন্যাশনাল ফুটবলে অংশ নিয়েছে। - নিজস্ব চিত্র।
Advertisement
সম্পর্কিত সংবাদ