Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় মরশুমের শীতলতম সকাল, জাঁকিয়ে ঠান্ডা শহরে, কাঁপছে জেলাও  

কলকাতায় মরশুমের শীতলতম সকাল, জাঁকিয়ে ঠান্ডা শহরে, কাঁপছে জেলাও
 
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতের দেখা নেই বলে কাঁদুনি গাওয়ার আর কোনও উপায় নেই। গত কয়েকদিন থেকেই শহরের তাপমাত্রা ক্রমাগত নিম্নমুখী। রবিবার আরও একধাক্কা পারদ পতন। আজ মরশুমের শীতলতম দিনের সাক্ষী শহর কলকাতা। জাঁকিয়ে ঠান্ডায় জুবুথুবু শহরের রাজপথ।
Advertisement
আজ, ছুটির ভোরে শহরের তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে। যা কিনা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩.৬ ডিগ্রি কম। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি। অর্থাৎ গতকালের তুলনায় আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমে গিয়েছে।
কলকাতা ছাড়াও একাধিক জেলাতেও নেমেছে পারদ। যেমন আসানসোলে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে সাড়ে ৯ ডিগ্রিতে। পুরুলিয়ায় তাপমাত্রা ৮-এর নীচে। ফলে গোটা দক্ষিণবঙ্গই যে বর্তমানে শীতের জাপটে কাবু, তাতে কোনও সন্দেহ নেই। পাশাপাশি উত্তরবঙ্গেও নেমেছে তাপমাত্রা। দার্জিলিংয়ে ৪-৫ ডিগ্রিতে নেমেছে পারদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত এই হাড় কাঁপানো ঠান্ডা বজায় থাকবে। এরপর কিছুটা বাড়তে পারে তাপমাত্রা।
সম্পর্কিত সংবাদ