Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা এয়ারপোর্টে চা ১০ টাকায়, ২০ টাকায় মিলছে সিঙাড়া

কলকাতা এয়ারপোর্টে চা ১০ টাকায়, ২০ টাকায় মিলছে সিঙাড়া
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চায়ের দাম নিয়ে বিরল অভিজ্ঞতার কথা মাস দুই আগে জানিয়েছিলেন কেন্দ্রের প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম। তিনি বলেন, কলকাতা বিমানবন্দরে একটি রেস্তোরাঁয় চা খেতে গিয়েছিলাম। সেখানে গরম জল ও টি-ব্যাগের দাম নিয়েছে ৩৪০ টাকা! এক কাপ চায়ের দাম ৩৪০ টাকার ওই তথ্য সামনে আসার পর বিস্তর চর্চা শুরু যায়। নিত্যযাত্রীরাও অভিযোগ করেন, বিমানবন্দরে চা, কফির দাম সাধারণ মানুষের সাধ্যের বাইরে। ওই ঘটনা নিয়ে কেন্দ্রের এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া নড়েচড়ে বসে। 
Advertisement
ওই সূত্রেই এবার দেখা গেল, আম জনতার সাধ্যের মধ্যে চা খাওয়ার ব্যবস্থা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ‘উড়ান যাত্রী কাফে’ চালু করা হয়েছে। সেখানে এক কাপ চায়ের দাম ১০ টাকা। এছাড়া জলের বোতল ১০ টাকা, কফি ২০ টাকা, একটি সিঙাড়া ২০ টাকা এবং একটি মিষ্টি ২০ টাকা। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জারাপ্পু জানান, কলকাতা বিমানবন্দরে উড়ান যাত্রী কাফে পাইলট প্রজেক্ট। পরবর্তীকালে দেশের অন্যান্য বিমানবন্দরেও এই সুযোগ চালু করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
সম্পর্কিত সংবাদ