Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতায় দুর্ঘটনা কমাতেই হবে, ওসিদের নির্দেশ সিপির

কলকাতায় দুর্ঘটনা কমাতেই হবে, ওসিদের নির্দেশ সিপির
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘আপনারা ভাবুন। কিছু একটা উপায় বের করতে হবে। যে কোনওভাবে কলকাতায় পথ দুর্ঘটনা কমাতে হবে।’ বুধবার বৃহত্তর কলকাতার ২৬টি ট্রাফিক গার্ডের ওসিদের এই নির্দেশ দিলেন কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মা। বুধবার দুপুরে লালবাজারে কলকাতা ট্রাফিক পুলিসের মাসিক রিভিউ মিটিংয়ে এই নির্দেশ দিয়েছেন তিনি।
Advertisement
কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, এদিনের বৈঠকে সিপি বলেন, জোড়াবাগান, সাউথ-ওয়েস্ট, উল্টোডাঙা, তিলজলা, ভাঙড় এবং ঠাকুরপুকুর মতো ট্রাফিক গার্ড এলাকায় অন্যান্য জায়গার তুলনায় বেশি পথ দুর্ঘটনা হচ্ছে। সেকারণে সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডের ওসিদের বাড়তি সতর্ক থাকতে বলেছেন তিনি। পাশাপাশি ই এম বাইপাস, ডায়মন্ডহারবার রোড, এম জি রোডের মতো রাস্তাগুলিকে ‘ব্ল্যাক স্পট’ বা দুর্ঘটনাপ্রবণ বলে চিহ্নিত করেছেন সিপি। স্বভাবতই, এই রাস্তাগুলির দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডকে নজরদারি বাড়াতে বলা হয়েছে। 
বুধবার দুপুরে লালবাজারে কলকাতা ট্রাফিক পুলিসের মাসিক রিভিউ মিটিং হয়। প্রায় ঘণ্টা খানেকের এই মিটিংয়ে সিপি ছাড়াও কলকাতা পুলিসের অতিরিক্ত পুলিস কমিশনার ট্রাফিক শুভঙ্কর সিনহা সরকার, যুগ্ম কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমার, ডিসি (ট্রাফিক) ওয়াই এস জগন্নাথ রাও সহ সব ট্রাফিক গার্ডের ওসি এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। 
এম জি রোডের পর যাদবপুর এইট বি— অতি সাম্প্রতি কলকাতা শহরে পরপর পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন কলকাতার সিপি মনোজ ভার্মা। দু’টি ক্ষেত্রেই দু’জন মহিলার মৃত্যু হয়েছে। সিপির কথায়, মায়ের মৃত্যুতে শিশুরা অনাথ হচ্ছে, এটা মানা যায় না। এই প্রাণহানি বন্ধ করতে ট্রাফিক গার্ডের ওসিদের সক্রিয় হতে হবে। দরকারে বাস মালিক, শ্রমিক ইউনিয়ন, পথচারীদের সচেতন করতে কর্মসূচি নিতে বলেছেন তিনি। দিন কয়েক প্রচার চালিয়ে বন্ধ করলে হবে না। দরকারে একটানা প্রচার চালাতে হবে। সিপির কথায়, ‘আপনারা কিছু একটা করুন। ভাবনাচিন্তা করে একটা উপায় বের করুন। যাতে কলকাতায় পথ দুর্ঘটনায় মৃত্যু ঠেকানো যায়।’ 
Advertisement
সম্পর্কিত সংবাদ