Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কাল থেকে গঙ্গাবক্ষে মেট্রো চলাচলে বদল

কাল থেকে গঙ্গাবক্ষে মেট্রো চলাচলে বদল
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গাবক্ষে মেট্রো পরিষেবায় বদল আসছে। আগামী কাল শনিবার থেকে দিনে মাত্র ৫ ঘণ্টা হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত যাত্রী পরিষেবা সচল থাকবে। বাকি সময় পশ্চিমমুখী টানেলে মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। দিনের ব্যস্ত সময় অর্থাৎ সকাল ৯টা থেকে সকাল ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত যাত্রীরা সংশ্লিষ্ট পথে পরিষেবা পাবেন। বউবাজারে মেট্রো কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল। যার মূল উদ্দেশ্য এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পথ জুড়ে দেওয়া। সেই কারণে ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই অংশে সারাদিনে মোট পরিষেবার সংখ্যা কমতে চলেছে। বর্তমানে ওই করিডরে গোটাদিনে ১৫০টি মেট্রো পরিষেবা পান যাত্রীরা। কাল থেকে তা কমে হবে ১১৪টি। অর্থাৎ সারাদিনে ৩৬টি পরিষেবা কাটছাঁট হতে চলেছে। সোমবার থেকে শনিবার গোটা সপ্তাহে এই হিসেবে মেট্রো চলাচল করবে। যদিও পূর্বমুখী টানেলে স্বাভাবিক ছন্দে মেট্রো চলবে। এই লাইনে দিনের ব্যস্ত সময়ে ২০ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। নন-পিক আওয়ারে ২৪ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে। অন্যদিকে, পশ্চিমমুখী টানেলে দিনের ব্যস্ত সময়ে অর্থাৎ সকাল-সন্ধ্যা মিলিয়ে ২০ মিনিট অন্তর পরিষেবা দেওয়া হবে বলে রেলের তরফে জানান হয়েছে। সূত্রের দাবি, বউবাজারে বিপর্যয় কাটিয়ে উঠে নয়া ছন্দে কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত টানেল মেরামতি কাজ কার্যত শেষ পর্যায়ে। বেশকিছু কারিগরি ক্ষেত্রের সুক্ষ্ম কাজ চলছে এই মুহূর্তে। যার জেরে যাত্রী পরিষেবায় এহেন বিঘ্ন ঘটতে চলেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ