Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাল লালবাগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, যানজট এড়াতে নৌকাই ভরসা

কাল লালবাগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, যানজট এড়াতে নৌকাই ভরসা
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আগামিকাল, সোমবার লালবাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে। জেলা প্রশাসন ও পুলিস আধিকারিকরা সভামঞ্চ নির্মাণের পাশাপাশি হেলিপ্যাড ও পার্কিংয়ের ব্যবস্থা খতিয়ে দেখেন। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে লালবাগের নবাব বাহাদুর ইন্সটিটিউটের মাঠ। দফায় দফায় সভাস্থল পরিদর্শন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র, জেলার পুলিস সুপার সূর্যপ্রতাপ যাদব, সাংসদ খলিলুর রহমান, বিধায়ক অপূর্ব সরকার প্রমুখ। ৫০ হাজারের বেশি মানুষ এই সভায় অংশ নেবে বলে আশাবাদী জেলা প্রশাসন। 
Advertisement
মুখ্যমন্ত্রীর সভা ঘিরে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের পাশাপাশি দলীয় কর্মীরা মুখিয়ে রয়েছেন। বহরমপুর, লালবাগ, জঙ্গিপুর, কান্দি ও ডোমকল মহকুমা থেকে বহু মানুষ এই সভায় যোগদান করবে। জেলার ২৬টি ব্লকের তৃণমূল সভাপতি ও স্থানীয় বিধায়করা বৈঠক করে দলীয় নেতাকর্মীদের এবিষয়ে নির্দেশ দিয়েছেন। সুষ্ঠুভাবে সভা পরিচালনা করার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি তৃণমূল নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছে। তৃণমূলের মাদার, যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও পৃথক পৃথক মিছিল নিয়ে সভাস্থলে হাজির হবেন বলে খবর পাওয়া যাচ্ছে। প্রতিটি ব্লকের পার্টি অফিসে শনিবার এনিয়ে বৈঠক হয়। সারা জেলা থেকে গাড়ি ও বাসে করে সাধারণ মানুষ আসবেন। সেই বাস ও গাড়ি ঢুকবে সভার দিকে যাওয়ার রাস্তায়। তাই কেউ কেউ ভিড় এড়াতে নৌকা করেও মুখ্যমন্ত্রীর সভায় হাজির হবেন।
শনিবার বহরমপুর পশ্চিম ব্লকের তৃণমূল নেতৃত্বের তরফে বেশ কিছু নৌকা ভাড়া করা হয়েছে। ভাগীরথী দিয়ে খুব কম সময়ের মধ্যে নৌকা করে লালবাগে পৌঁছে যেতে পারবেন কর্মীরা। এতে রাস্তায় যানজট কমবে। পাশাপাশি নৌকা চেপে প্রশাসনিক সভায় অংশগ্রহণ করতে যাওয়ার একটা আলাদা অনুভূতি মিলবে বলেই দাবি করছেন তৃণমূলের নেতা-কর্মীরা। নৌকা করে কীভাবে কর্মীরা সভাস্থলে হাজির হবেন, এদিন তা নিয়ে ব্লক পার্টি অফিসে বৈঠক করেন নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, বহরমপুর পশ্চিম ব্লকের তৃণমূল সভাপতি আলাউদ্দিন শেখ সহ অন্যান্য নেতারা। 
বিধায়ক কানাইচন্দ্রবাবু বলেন, মুখ্যমন্ত্রীর সভার জন্য আমরা সকলেই মুখিয়ে আছি। আমার বিধানসভা এলাকা থেকে বহু কর্মী বাসে ও ছোট গাড়িতে করে যাবেন। তার পাশাপাশি বহরমপুর পশ্চিম ব্লকের কর্মীদের অনেকেই নৌকায় গিয়ে সভাস্থলে পৌঁছবেন। ভাগীরথীতে নৌকা করে যেতে অনেক কম সময় লাগবে। সেই জন্য বড় নৌকার বন্দোবস্ত করা হচ্ছে। 
বহরমপুর পশ্চিম ব্লকের তৃণমূল সভাপতি আলাউদ্দিন শেখ বলেন, আমরা মুখ্যমন্ত্রীর সভার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছি। গাড়িতে এবং বাইকে যেমন কর্মীরা যাবেন, তেমন নৌকা করেও কর্মীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা পাঁচটি নৌকা ভাড়া করেছি। সেগুলি করে কর্মীদের নিয়ে আমরা লালবাগে পৌঁছব। এর ফলে রাস্তায় গাড়ির চাপ অনেকটা কমবে। 
বহরমপুরের রামনগর ঘাটের এক মাঝি বলেন, দিদির এই সভার জন্য আমাদের নৌকা ভাড়া শুরু হয়েছে। এতে আমরা খুশি। এই সময়ে সাধারণত মাছ ধরা ছাড়া খুব একটা কাজ থাকে না। নৌকা ভাড়া হওয়ায় ভালোই হল।
Advertisement
সম্পর্কিত সংবাদ