Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁকসা শিল্পতালুকে কারখানার আবাসনে ২ শ্রমিকের দেহ উদ্ধার

কাঁকসা শিল্পতালুকে কারখানার আবাসনে ২ শ্রমিকের দেহ উদ্ধার
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: রবিবার কাঁকসার বামুনাড়া শিল্পতালুকের একটি কারখানার আবাসন থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম ত্রিভুবন ঠাকুর(৪৯) এবং জ্ঞানী বর্মা(৫০)। মৃত ওই দুই শ্রমিকই উত্তরপ্রদেশের বাসিন্দা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিস। তাঁরা মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মৃত্যুর কারণ জানতে পুলিস তদন্ত শুরু করেছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কারখানার আবাসনে এই দুই শ্রমিক ছাড়াও অন্যান্য শ্রমিকরা থাকেন। শনিবার রাতে সকলে খাওয়াদাওয়া করে নিজনিজ ঘরে ঘুমাতে যান। রবিবার সকালে একাধিকবার ডাকা হলেও ওই দুই শ্রমিক ঘরের দরজা খোলেননি। এরপর তাঁদের মোবাইলে ফোন করলেও কেউ ধরেননি। তাঁরা সাড়া না দেওয়ায় অন্য শ্রমিকরা চা খেতে চলে যান। ধনঞ্জয় শর্মা নামে এক শ্রমিক বলেন, আমরা চা খেয়ে এসেও দেখি ওই দু’জন দরজা খোলেননি। এর পর আবার ডাকাডাকি করি। কিন্তু তার পরও দরজা না খোলায় সকলকে খবর দিই। তাঁরাও এসে ডাকাডাকি করেন। এরপর দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি দু’জনে বিছানার উপর পড়ে আছেন। 
অন্য এক শ্রমিক সাধন পাল বলেন, খবর পেয়ে এসেছিলাম। ওই দু’জন কয়লার উনুনে ঘরের মধ্যেই রান্না করতেন। ঠান্ডা থেকে রেহাই পেতে জ্বলন্ত উনুন ঘরের ভিতরেই থাকত। অনুমান তার থেকে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে এই ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শ্রমিকদের পক্ষ থেকে দেহ দু’টির ময়নাতদন্তের দাবি করা হয়। আইএনটিটিইউসি নেতা বাবলু চট্টোপাধ্যায় বলেন, ঘরের ভিতরে উনুন ছিল ঠিকই। তবে ময়নাতদন্ত হলে সঠিক তথ্য উঠে আসবে। কাঁকসা এসিপি সুমন কুমার জয়সওয়াল বলেন, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ