সংবাদদাতা, মানকর: সোমবার দুপুরে কাঁকসার দোমড়ায় জঙ্গলমহল উৎসব শুরু হল। এবার উৎসবের দশম বর্ষ। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক পান্নামবলাম এস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মেলায় কুড়িটি স্টল রয়েছে। আদিবাসী নৃত্য, নানা ধরনের লোকনৃত্য ও লোকসঙ্গীত শোনার সুযোগ মেলায় রয়েছে। তাই উৎসাহী মানুষজন উৎসব প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেছেন। এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে ধামসা-মাদল তুলে দেওয়া হয়। মোড়লদের সম্মানিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রদীপবাবু মেলা ঘুরে দেখেন। তিনি মেলা থেকে কিছু জিনিসপত্রও কেনেন।



