নিজস্ব প্রতিনিধি, আসানসোল: আগ্নেয়াস্ত্র নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে হাজির এক দুষ্কৃতী। বুধবার এই ঘটনায় কাঁকসা থানার মলানদিঘি পঞ্চায়েতের কুলডিহার দুয়ারে সরকার ক্যাম্পে শোরগোল পড়ে যায়।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলডিহারই এক বাসিন্দা পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য আবেদন করে। একপক্ষের দাবি, পঞ্চায়েত কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তাকে ঘোরাচ্ছে। অন্যপক্ষের দাবি, প্রকৃত ইনকামের থেকে কম ইনকাম দেখিয়ে সে পঞ্চায়েত থেকে শংসাপত্র বের করার চেষ্টা করছিল। জানা যায়, এদিন দুষ্কৃতীর ছেলে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে প্রথমে প্রধানের কাছে ফের ইনকাম সার্টিফিকেট চায়। কিন্তু প্রধান তা দিতে রাজি না হওয়ায় ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে হাজির হয়। প্রধানকে লক্ষ্য করে পিস্তলও তাক করে। শেষে স্থানীয়দের তৎপরতায় তাকে নিরস্ত করা হয়।প্রধান পাকুমনি সোরেন বলেন, আমরা মানুষকে পরিষেবা দিতেই দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করি। বিষয়টি ‘তেমন কিছু নয়’ বলে এড়িয়ে যেতে চান প্রধান। ওই পঞ্চায়েতের এক সদস্য সঞ্জয় বাদ্যকর বলেন, প্রধানকে লক্ষ্য করে পিস্তল তাক করতে আমরা সবাই ভয় পেয়ে যাই। কাঁকসার বিডিও পর্ণা দে বলেন, পুরো বিষয়টি মৌখিকভাবে শুনেছি। কী ঘটেছিল তা তদন্ত করে দেখা হবে।



