সংবাদদাতা, বনগাঁ: রাস্তার ধারে শুয়ে থাকা কুকুরকে গাড়ি চাপা দেওয়ার প্রতিবাদে ফেটে পড়লেন বাসিন্দারা। গাড়ি চালককে গ্রেপ্তারের দাবিতে কুকুরের দেহ নিয়ে কয়েকজন যুবক সটান থানায় গিয়ে হাজির হন। পুলিস বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বনগাঁর তালতলায়। তাঁদের দাবি, ইচ্ছাকৃতভাবে কুকুরটিকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছে। মৃত কুকুরের দেহ পাঠানো হয় পশু হাসপাতালে। শনিবার মৃতদেহের ময়নাতদন্ত হয়। রাস্তার পাশে বেশ ক’টি কুকুরের সঙ্গে শুয়ে ছিল ‘রাজু’। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। একটি চার চাকা গাড়ি সেটির মাথার উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা দ্রুত চিকিৎসা করেও বাঁচাতে পারেননি কুকুরটিকে। স্থানীয় বাসিন্দা অগ্নিভ সিনহা বলেন, রাজু নামে আমরা ডাকতাম ওকে।



