নয়াদিল্লি: সোমবার ভোরে কেঁপে উঠল রাজধানী। সোমবার দিল্লি ও সংলগ্ন এলাকা ছাড়াও কম্পন অনুভূত হয়েছে বিহার, সিকিমেও। এদিন প্রথমে ভোর সাড়ে পাঁচটা নাগাদ ভূমিকম্প হয় দিল্লিতে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪। যদিও কম্পন অত্যন্ত জোরালোভাবে অনুভূত হয়েছে। এর জেরে দিল্লি, নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদের বহুতলগুলি কেঁপে ওঠে। ঘুম ভেঙে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। বিকট ‘বুম’ শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মার্কিন এক সংস্থা জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল যদি মাটির খুব বেশি গভীরে না হয়, সেক্ষেত্রে এরকম শব্দ অস্বাভাবিক নয়। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, ভূকম্পের উৎসস্থল ছিল দুর্গাবাঈ দেশমুখ কলেজের কাছে, ভূপৃষ্ঠের মাত্র পাঁচ কিলোমিটার গভীরে। যদিও এই ভূকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
Advertisement
এরপর সকাল আটটা বেজে দু’মিনিট নাগাদ পৃথক ভূমিকম্পে কেঁপে ওঠে বিহারের সিওয়ান জেলা। সেখানেও কম্পনের মাত্রা ছিল ৪। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে সকলকে শান্ত থাকতে অনুরোধ করেন। আবার, ওড়িশার পুরীতেও ভূকম্প অনুভূত হয়েছে বলে দাবি। জানা গিয়েছে, রিখটার স্কেলে ৪.৭ মাত্রায় কেঁপে উঠেছিল পুরী। অন্যদিকে, এদিন সকাল ৮টা ১৩ নাগাদ সিকিমের লাচুংয়েও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৩। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৫ কিমি গভীরে।



