বিধানসভা নির্বাচনের আগে ‘মাস্টারস্ট্রোক’ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। এবার বাংলার ধাঁচে দিল্লিতেও হবে ‘দুয়ারে সরকার’। রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার থেকেই এই পরিষেবা পাওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে আগেই মহিলা সম্মান যোজনার ঘোষণা করেছিলেন কেজরিওয়াল। আপ ক্ষমতায় ফিরলে প্রকল্পে আর্থিক সহায়তা ১০০০ থেকে বাড়িয়ে মাসে ২১০০ টাকা করা হবে বলেও জানানো হয়। পাশাপাশি ষাটোর্ধ্বদের জন্য সঞ্জীবনী যোজনাও ঘোষিত হয়েছে। এই দুই প্রকল্পের নাম নথিভুক্ত করতেই ‘দুয়ারে সরকার’ আয়োজন করছে আপ সরকার। নাম নথিভুক্ত করার জন্য দিল্লির ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক।



