Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কাজের টোপ দিয়ে পাচারের ছক, আলিপুরদুয়ার জংশন থেকে উদ্ধার নাবালক-নাবালিকা  

কাজের টোপ দিয়ে পাচারের ছক, আলিপুরদুয়ার জংশন থেকে উদ্ধার নাবালক-নাবালিকা
 
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মেয়ে পাচারচক্রের এক আড়কাঠি মোটা বেতনের কাজের টোপ দিয়েছিল। সেই টোপে পা দিয়ে ফেলেছিল আদিবাসী সম্প্রদায়ের দুই নাবালিকা ও এক নাবালক। ঘটনাচক্রে তিনজনই নবম শ্রেণির পড়ুয়া। সোমবার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কলকাতা যাওয়ার জন্য আলিপুরদুয়ার জংশন স্টেশনে এসেছিল তারা। কিন্তু কর্তব্যরত জিআরপি অফিসারদের ওই নাবালক-নাবালিকাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখে সন্দেহ হয়। তারপরেই জিআরপি তাদের উদ্ধার করে জেলা সিডব্লুসির হাতে তুলে দেয়। জিআরপির তৎপরতায় মহিলা পাচারচক্রের হাত থেকে রক্ষা পায় কিশোর কিশোরীরা। 
Advertisement
আলিপুরদুয়ার জংশন জিআরপির ইন্সপেক্টর মন্টু বর্মন বলেন, ওই নাবালক- নাবালিকাদের কথাবার্তায় অসংলগ্নতা দেখে আমাদের সন্দেহ হয়। আমরা পরে পাচারের ঘটনাটি বুঝতে পারি। তারপরেই তিনজনকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা সিডব্লুসির হাতে তুলে দেওয়া হয়।  সিডব্লুসির ধারণা, পাচারচক্রের ওই আড়কাঠি এদিন জংশন স্টেশনে আড়ালে ঘাপটি মেরে ছিল। কিন্তু জিআরপির তৎপরতা দেখে স্টেশন থেকে সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায় মেয়ে পাচারচক্রের সঙ্গে জড়িত ওই মহিলা। জানা গিয়েছে, উদ্ধার হওয়া দুই নাবালিকার মধ্যে একজনের বাড়ি মাদারিহাটের মুজনাই চা বাগানে ও অন্যজনের বাড়ি আলিপুরদুয়ার-২ ব্লকের পানবাড়ি এলাকায়। উদ্ধার হওয়া নাবালকের বাড়ি বানারহাট থানা এলাকায়। 
এদিন জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় উদ্ধার হওয়া তিন নাবালক- নাবালিকার কাউন্সেলিং করে সিডব্লুসি। তাদের কাছ থেকে ওই মহিলার মোবাইল ফোন নম্বরও উদ্ধার করেছে সিডব্লুসি। তবে ওই নম্বরে ফোন করলেও বন্ধ ছিল। পরে ফোন নম্বরটি জেলা পুলিসকে দেওয়া হয়েছে। সিডব্লুসি সূত্রে খবর, পাচারচক্রের এই মহিলা আড়কাঠিরা রীতিমতো চা বাগানে ঘুরে খোঁজখবর নেয় অসহায় পরিবারের নাবালক-নাবালিকাদের সম্পর্কে। তারপরেই মোটা বেতনের টোপ দিয়ে ফাঁদে ফেলে তাদের। এরপর এদের উত্তর ভারত কিংবা মধ্যপ্রাচ্যের দেশে বিক্রি করে দেয়। আলিপুরদুয়ার জেলা সিডব্লুসির চেয়ারম্যান অসীম বসু বলেন, দুই নাবালিকাকে কোচবিহারের সরকারি শহিদ বন্দনা হোমে পাঠানো হয়েছে। নাবালককে কামাখ্যাগুড়ির একটি হোমে পাঠানো হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ