নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ধর্ষণের চেষ্টা রুখতে গিয়ে এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটলেন এক গৃহবধূ। চাঞ্চল্যকর ওই ঘটনাকে ঘিরে সোমবার সন্ধ্যেয় হুগলির কোন্নগরের মনসাতলা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার পরপরই পুলিস গিয়ে জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্লেড দিয়ে পুরুষাঙ্গে আঘাত করা হয়েছিল। তা শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছে। ওই গৃহবধূ ও তাঁর স্বামীকে পুলিস জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জখম ব্যক্তি রান্নাঘরের চিমনি প্রস্তুতকারক একটি সংস্থার পদস্থ কর্মী। তিনি মনসাতলায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। তাঁর আসল বাড়ি চুঁচুড়ায়। পুলিস জানিয়েছে, ওই গৃহবধূ একটি ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর বাড়ি উত্তরপাড়ায়। তাঁর স্বামী পেশায় ঠিকাদার। জেরার মুখে গৃহবধূ দাবি করেছেন, কোন্নগরের ওই ব্যক্তি তাঁকে রিসেপশনিস্টের কাজ নেওয়ার নাম করে এদিন ডেকে পাঠিয়েছিলেন। বন্ধ ঘরে তিনি তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। নিজেকে বাঁচাতে বাধ্য হয়েই তিনি ব্লেড চালিয়েছেন। গৃহবধূ জানিয়েছেন, ঘটনার সূত্রপাত কয়েকমাস আগে। সেই সময় একটি কোম্পানির কর্তা হয়ে কাজের সূত্রে তাঁর বাড়িতে এসেছিলেন কোন্নগরের বাসিন্দা ওই ব্যক্তি। তখনই গৃহবধূ ওই কোম্পানিতে কোনও কাজের সুযোগ আছে কি না, তা জানতে চান। এদিন উত্তরপাড়া থানায় বসে ওই গৃহবধূ বলেন, সম্প্রতি ওই ব্যক্তি মোবাইলে ফোন করেন। তাঁদের কোম্পানিতে রিসেপশনিষ্ট পদে আমাকে সুযোগ দেওয়ার কথা বলেন। এরপর এদিন আমাকে তাঁর কোন্নগরের বাড়িতে ইন্টারভিউ দেওয়ার জন্য ডেকেছিলেন। আমি ও আমার স্বামী গিয়েছিলাম। স্বামী বাইরে ছিলেন। আমি ভেতরে যাওয়ার পরেই তিনি কিছু কাজের কথা বলেন। তারপরেই একফাঁকে ঘরের দরজা আটকে দেন। আমি জিজ্ঞাসা করলে বলেন, ঠাণ্ডা বাতাস আসছে। এরপরেই তিনি আচমকা নগ্ন হয়ে আমাকে জড়িয়ে ধরতে চেষ্টা করেন। আমি ছুটোছুটি করতে করতে জানালার উপরে একটি ব্লেড পাই। সেটি দিয়েই ওই ব্যক্তিকে আঘাত করি। তারপরে কোনওরকমে পাশের একটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসি। তখন দেখি বাড়ির বারান্দার গ্রিলের দরজাও আটকানো আছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যের মুখে ওই মহিলার আর্তচিৎকারে রাস্তায় ভিড় জমে যায়। ওই মহিলার স্বামীর পাশাপাশি স্থানীয়রাও ছুটে আসেন। এক প্রত্যক্ষদর্শী বলেন, মধ্যবয়সী এক ব্যক্তি নগ্ন অবস্থায় ব্লেড হাতে নিয়ে মহিলার দিকে তেড়ে আসছিলেন। ব্যক্তির পা রক্তে ভেসে যাচ্ছিল। মহিলাও প্রায় অর্ধনগ্ন অবস্থায় ছিলেন। কোনওরকমে তাঁকে উদ্ধার করা হয়।



