সংবাদদাতা, রঘুনাথপুর: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া-কোটশিলা ডবল লাইনের কাজ চলছে। বারবেন্দা স্টেশনে কাজ করা হবে। যার জেরে ৫ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আদ্রা ডিভিশনের উপর চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য রেলের তরফ থেকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ১৮০৩৫/১৮০৩৬ খড়্গপুর-হাটিয়া দৈনিক এক্সপ্রেস, ১৮৬০২/১৮৬০১ হাটিয়া-টাটা দৈনিক এক্সপ্রেস এবং ১৮১১৩ টাটা-বিলাসপুর দৈনিক এক্সপ্রেস ট্রেনগুলির পরিষেবা ৫ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। ১৮১১৪ বিলাসপুর-টাটা দৈনিক এক্সপ্রেস ট্রেনটি ৫ থেকে ৮ ফেব্রুয়ারি এবং ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস ৭ এবং ৯ ফেব্রুয়ারি চলাচল করবে না। এছাড়াও ৬৩৫৯৭ রাঁচি-আসানসোল দৈনিক মেমু প্যাসেঞ্জার ৭ ফেব্রুয়ারি নির্ধারিত সময় থেকে ৭৫ মিনিট দেরিতে রাঁচি থেকে ছাড়বে। রেলের তরফ থেকে জানানো হয়েছে, যাত্রীরা যাতে অসুবিধায় না পড়েন তাই আগাম সমস্ত স্টেশনে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।



