স্বামী সইফ আলি খানের উপর হামলার ঘটনা চাঞ্চল্য ফেলে দিয়েছিল দেশজুড়ে। তারপর থেকেই উদ্বেগে ছিলেন অভিনেত্রী করিনা কাপুর খান। যাবতীয় আতঙ্ক কাটিয়ে সদ্য কাজে ফিরেছেন সইফ। নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় সইফ অভিনীত ‘জুয়েল থিফ’। চলতি মাসের শুরুতে সেই প্রজেক্টের ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সইফ। এবার কাজে ফিরলেন করিনাও। বান্দ্রার বাসভবনে হামলার ঘটনার পর মঙ্গলবার প্রথম প্রকাশ্যে এলেন করিনা। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। নায়িকার নো মেকআপ লুকের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, এদিন নতুন একটি প্রজেক্টের শ্যুটিং শুরু করলেন নায়িকা। উল্লেখ্য, হামলার ঘটনার পর বাড়ির সামনে ছবি না তোলার অনুরোধ করেছেন দম্পতি।



