বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু-কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। কিস্তওয়ারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে জইশ-ই-মহম্মদের শীর্ষ এক নেতা। এছাড়া আরও দুই জঙ্গি কমান্ডারকে নিকেশ করেছে ভারতীয় সেনাবাহিনী। হত এই তিন জইশ কমান্ডারকে দীর্ঘ দিন থেকে হন্যে হয়ে খুঁজছিল সেনা। প্রত্যেকের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা করে। তাদের থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। এদিকে, পড়শি দেশের প্ররোচনায় ফের উত্তপ্ত নিয়ন্ত্রণরেখা। পাক অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিলেন সতর্ক জওয়ানরা। আখনুর সেক্টরে অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) শহিদ হয়েছেন।



