দুর্গাপুজোর পাস দুর্নীতিতে কিংপিন শুভই, দাবি অভিযোগকারীর
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর পাস দুর্নীতি কাণ্ডে মাস আর্টের সচিব ধ্রুবজ্যেতি (শুভ) বসু কিংপিন। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে এমনটাই দাবি করলেন এই মামলার অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায়ের আইনজীবী। পাশাপাশি সরকারি আইনজীবী শুভ’র জামিনের আবেদনের বিরোধিতা করেন। এদিন শুভকে আদালতে তোলা হয়। সওয়াল শেষে তাঁকে ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতে পাঠায় আদালত। অন্যদিকে বৃহস্পতিবার লালবাজারে সিটের জেরার মুখোমুখি হয়েছিলেন ইন্দ্রনীলের কন্যা। 

Advertisement

বুধবার রাতে লালবাজারের কাছ থেকেই গ্রেপ্তার করা হয় মাস আর্টের সচিব শুভকে। ঘটনার পর থেকেই তাঁর খোঁজ চলছিল। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের অত্যন্ত ঘনিষ্ঠ শুভ পুজো পাস দুর্নীতি কাণ্ডে অন্যতম বড় মাথা বলে জানতে পারে সিট। অভিযোগ, তাঁর কোম্পানিকে তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের একাধিক টেন্ডার পাইয়ে দিয়েছেন ইন্দ্রনীল। ধরা পড়ার পর লালবাজারে রাতভর এই বিষয় 
জানতেই জেরা করা হয় তাঁকে। কিন্তু গোটা বিষয়টি এড়িয়ে অভিযুক্ত দাবি করেন, তিনি একজন শিল্পী। কোনো টেন্ডার অনৈতিকভাবে পাননি। বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী বলেন, পুজো পাস বিক্রির নামে কোটি কোটি টাকা লুট করা হয়েছে। ইউনেস্কোর সই জাল করেছে।  ২৭টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এরমধ্যে একটি শুভর  অ্যাকাউন্ট।  অভিযুক্তের ১৪ দিনের পুলিশ হেপাজত চাওয়া হয়। অভিযোগকারীর আইনজীবী বলেন,ঠাকুর দেখতে টাকা দিতে হবে কেন? অভিযুক্ত কিংপিন। অভিযুক্তপক্ষের আইনজীবী বলেন, তাঁর মক্কেল মেল করে হাজিরা দিয়েছেন। তাঁকে গ্রেপ্তার করা হয়নি। আত্মসমর্পণ করেছেন।