নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তরপত্র মূল্যায়ন না করে নম্বর জমা দিয়েছিলেন যে শিক্ষক, তাঁকে শো-কজ করার সিদ্ধান্ত নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাংবাদিকতা বিভাগের ওই শিক্ষক, বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ামকের পাশাপাশি ডিনদের বৈঠকে ডেকেছিলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত। সেখানে কড়া প্রশ্নের মুখে পড়তে হয় অভিযুক্ত শিক্ষককে। সূত্রের খবর, তিনি জানিয়েছেন, উত্তরপত্রে নম্বর না বসালেও তিনি ‘রাফ কাগজে’ নম্বর বসিয়েছিলেন। যদিও, এই যুক্তি ধোপে টেকেনি। ক্ষতিগ্রস্ত স্নাতকোত্তরের দ্বিতীয় সেমেস্টারের অন্তত ৫০ পড়ুয়া। তাঁদের উত্তরপত্র পূনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে, এমএ ২০২৩-’২৪ শিক্ষাবর্ষের পড়ুয়ারাও এদিন বিভাগীয় প্রধানের দ্বারস্থ হন। তাঁরা দাবি জানাতে থাকেন, তাঁদের উত্তরপত্রগুলিও পূনর্মূল্যায়ন করা হোক।



