নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: খয়রাশোল ব্লকের জামালপুরে বোমাবাজির ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিস। কাঁকরতলা থানার পুলিস জানিয়েছে ধৃতের নাম শেখ জারিবুল। সে সাহাপুর এলাকার বাসিন্দা। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১০জনকে গ্রেপ্তার করা হল। এই ঘটনায় জড়িত আরও অনেকে পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। সেই সঙ্গে জেলায় আগ্নেয়াস্ত্র ও মজুত বোমার খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। এছাড়াও সাম্প্রতিককালে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও বোমা কোথা থেকে এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বীরভূম জেলা পুলিস সুপার আমনদীপ বলেন, আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
বালির গাড়ি থেকে আদায় করা টাকার ভাগ নিয়ে জামালপুরের দুই গোষ্ঠীর বোমাবাজির ঘটনায় পুলিস সুয়োমটো মামলা করে তদন্তে নেমেছে। মঙ্গলবার এক তৃণমূল কংগ্রেস নেতা সহ ন’জনকে পুলিস গ্রেপ্তার করেছিল। ওইদিন রাতেই শেখ জারিবুল পুলিসের জালে ধরা পড়ে। বৃহস্পতিবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয়। বিচারক ধৃতের পুলিসি হেপাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে ঘটনার রাতেই কাঁকরতলা থানার ওসিকে ক্লোজ করা হয়। সম্প্রতি একরাতে পুলিসি অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার হয়েছিল। সেই ঘটনার পরই জেলা পুলিসের শীর্ষ কর্তাদের অনুমান জেলায় আরও আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত থাকতে পারে। সেক্ষেত্রে নতুন করে তল্লাশি অভিযানও শুরু হয়। এরই মাঝে জামালপুরে বোমাবাজির ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে জেলায় মজুত আগ্নেয়াস্ত্র ও বোমার হদিশ পেতে পুলিস তদন্তে নেমেছে। বিভিন্ন সোর্সকে কাজে লাগানো হচ্ছে। কোথায় বোমা মজুত থাকতে পারে অনুমান করে অভিযানও চলছে। এদিকে বোমাবাজির ঘটনায় তিনজনকে হেপাজতে নিয়ে পুলিস বোমাগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল তা জানার চেষ্টা করছে। সেইসঙ্গে ওই এলাকায় আরও বোমা মজুত রয়েছে কি না তাও খতিয়ে দেখছে।



