নয়াদিল্লি: বিশ্বের সবথেকে খারাপ বিমান পরিবহণ সংস্থাগুলির অন্যতম ইন্ডিগো। এয়ারহেল্প স্কোর রিপোর্ট কার্ডে এবছরের তালিকায় এমনই র্যাঙ্কিং দেওয়া হয়েছে ভারতের এই বিমান পরিবহণ সংস্থাকে। ১০৯টি সংস্থার মধ্যে একেবারে শেষের দিকে রয়েছে ইন্ডিগো। এদেশের অন্যান্য বিমান সংস্থাগুলির মধ্যে এয়ার ইন্ডিয়া ৬১তম ও এয়ার এশিয়াকে ৯৪তম স্থানে রাখা হয়েছে। যদিও এই রিপোর্ট সরাসরি খারিজ করে দিয়েছে ইন্ডিগো। এক বিবৃতিতে তারা বলেছে, ভারতের অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ প্রতিমাসে সময়ানুবর্তিতা ও গ্রাহকদের অভিযোগ নিয়ে তথ্য প্রকাশ করে। সেখানে ইন্ডিগোর স্কোর খুবই ভালো। আর গ্রাহকদের অভিযোগের অনুপাতও অত্যন্ত কম। ইন্ডিগোর আরও দাবি, ভারতে তাদের স্যাম্পল সাইজ সংক্রান্ত রিপোর্ট ও আন্তর্জাতিক উড়ান শিল্পের পদ্ধতি বা ক্ষতিপূরণ সংক্রান্ত নির্দেশিকা সংক্রান্ত বিষয়টি এয়ারহেল্প স্কোর রিপোর্ট কার্ডে বিবেচনা করা হয়নি।
Advertisement
উল্লেখ্য, এয়ারহেল্প স্কোর রিপোর্ট কার্ডে বিশ্বের সেরা বিমান সংস্থাগুলির মধ্যে এক নম্বরে ব্রাসেলস এয়ারলাইন্স। কাতার এয়ারওয়ে এবং ইউনাইটেড এয়ারলাইন্স-এর অবস্থান যথাক্রমে দুই ও তিন নম্বরে।



