Bartaman Logo
২৭ মে, ২০২৬

খুন করা হয়েছে, পিষ্ট হয়ে কর্মীর মৃত্যুতে প্রাথমিক রিপোর্ট রেলের

খুন করা হয়েছে, পিষ্ট হয়ে কর্মীর মৃত্যুতে প্রাথমিক রিপোর্ট রেলের
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিছকই গাফিলতির কারণে দুর্ঘটনা নয়। ট্রেনের ইঞ্জিন এবং পাওয়ার কারের মাঝে পিষ্ট হয়ে রেলকর্মীর মৃত্যুর ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্টে বরং খুনের তত্ত্বের দিকেই ইঙ্গিত দিচ্ছে রেল। শীর্ষ সরকারি সূত্রের খবর, রেলের প্রাথমিক তদন্ত রিপোর্টে অভিযোগের কাঠগড়ায় তোলা হয়েছে মৃত রেলকর্মী অমর কুমারের সঙ্গী পয়েন্টসম্যান মহম্মদ সুলেমানকে। প্রাথমিক তদন্ত শেষে রেল মনে করছে, ভুল সময়ে সংশ্লিষ্ট ট্রেনের লোকোমোটিভ পিছনোর সঙ্কেত দেওয়া নিছকই কোনও ত্রুটি নয়। সম্ভবত ইচ্ছে করেই এমন সময়ে সংশ্লিষ্ট ট্রেন চালককে ইঞ্জিন পিছনোর সঙ্কেত দিয়েছিলেন অভিযুক্ত পয়েন্টসম্যান মহম্মদ সুলেমান যাতে, অমর কুমার পিষে যান! 
Advertisement
সম্পূর্ণ ক্লিনচিট দেওয়া হচ্ছে না ওই ট্রেন চালককেও। বরং এক্ষেত্রে তাঁর ভূমিকা খতিয়ে দেখতে আরও উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করছে রেল বোর্ড। সবমিলিয়ে এই ঘটনায় ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। গাফিলতি এড়াতে কি নতুন ‘প্লট’ সাজাচ্ছে রেল? এই প্রশ্ন নিয়েও রীতিমতো চর্চা শুরু হয়েছে। 
৯ নভেম্বর এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বারাউনি স্টেশনে। ১৫২০৪ লখনউ-বারাউনি এক্সপ্রেস ওইদিন সকাল ৮টা ১০ মিনিটে বারাউনি স্টেশনে পৌঁছয়। নিয়মমতো এরপর ওই ট্রেনের ইঞ্জিনকে ট্রেন থেকে আলাদা করার প্রক্রিয়া শুরু হয়। সেদিন ওই কাজের জন্য পাঠানো হয় পয়েন্টসম্যান অমর কুমার এবং মহম্মদ সুলেমানকে। শীর্ষ সরকারি সূত্র জানাচ্ছে, রেলের প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে দায়িত্বপ্রাপ্ত পয়েন্টসম্যানের সঙ্কেত ছাড়া ইঞ্জিন পিছতেই পারেন না চালক। এক্ষেত্রে রেলকর্মী অমর কুমার যেহেতু ওই ট্রেনের ইঞ্জিন এবং পাওয়ার কারের মাঝে ছিলেন, তাই লোকোমোটিভ পিছনোর সঙ্কেত দেবেন একমাত্র অন্য পয়েন্টসম্যানই। 
সম্পর্কিত সংবাদ