নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গুপ্তিপাড়ার শিশুখুনের ঘটনায় মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি। বর্তমানে হুগলি জেলা পরিষদের বন কর্মাধ্যক্ষ অসীমবাবু এদিন ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এদিন মৃত শিশু স্বর্ণাভ সাহার বাবা যাদব সাহা, অসীমবাবুর কাছে পুলিসের তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর দাবি, খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরেও পাঁচদিন পেরিয়ে গিয়েছে। কিন্তু পুলিস উল্লেখযোগ্য তেমন কিছুই করতে পারেনি। তিনি শাসকদলের নেতার কাছে তদন্ত প্রক্রিয়ার গতিবৃদ্ধির জন্য পদক্ষেপ করার আবেদন জানান। পরে অসীমবাবু বলেন, পুলিস প্রথম দিন থেকেই কড়া পদক্ষেপ নিয়েছে। তবে তদন্ত প্রক্রিয়া নিয়ে স্থানীয় মানুষ এবং মৃত শিশুর অভিভাবকদের কিছু ক্ষোভ আছে। আশা করছি পুলিস কর্তারা সেই বিষয়টি মাথায় রেখে তদন্ত করবেন। আমরাও চাই যে নৃশংস ঘটনা বাদাগাছিতে ঘটেছে তার পূর্ণাঙ্গ সত্য প্রকাশ্যে আসুক। সন্তানহারা পরিবার অন্তত ন্যায়বিচার পাবেন, সেই লক্ষ্যেই আমাদের পদক্ষেপ করতে হবে। যাদব সাহা বলেন, আমার সন্তানকে তো আর ফিরে পাব না। কিন্তু যারা মায়ের কোল থেকে ছেলেকে কেড়ে নিল তাদের শাস্তি দিতেই হবে। পুলিসের আরও তৎপরতা আমরা চাই। প্রাক্তন বিধায়ককেও সে কথা বলেছি। এদিন অসীমবাবুর সঙ্গে ছিলেন গুপ্তিপাড়া-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিশ্বজিৎ নাগ। তিনি বলেন, পুলিসের ভূমিকা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। হুগলি গ্রামীণ পুলিস কর্তারা জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ফরেন্সিক তদন্ত করানো হয়েছে। তদন্ত ঠিক পথেই চলছে।
Advertisement
প্রসঙ্গত, গত শনিবার অচমকা নিখোঁজ হয়ে গিয়েছিল বাদাগাছির চার বছরের শিশু স্বর্ণাভ। পরে তার মৃতদেহ শৌচাগারে পাওয়া যায়। ওই ঘটনায় শিশুর ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমাকে পুলিস গ্রেপ্তার করে।



