অভিনেতা সুনীল শেট্টি ও সুরজ পাঞ্চোলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অভিনেতা বিবেক ওবেরয়। ইতিহাস নির্ভর এই ছবিতে বিবেককে দেখা যাবে খলচরিত্রে। ছবির নাম, ‘কেশরি বীর: লেজেন্ড অব সোমনাথ’। কানু চৌহান প্রযোজিত ছবিতে তুঘলক শাসনকালের গল্প ফুটে উঠবে। সেনাপ্রধানের চরিত্রে থাকছেন বিবেক। গুজরাতের সোমনাথ মন্দির লুট করতে আসে সে। পাশাপাশি ধ্বংস করা হয় মন্দির। হিন্দুদের ধর্মান্তরিতও করবে বিবেক অভিনীত চরিত্র। বর্তমান প্রেক্ষাপটে এই গল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অনুরাগীরা। ইতিমধ্যে চার মাসের শ্যুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশন পর্বের কাজ। ছবিতে মুখ্য চরিত্রে থাকছেন সুরজ পাঞ্চোলি। সুনীলকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে খবর। শীঘ্রই ছবির পোস্টার মুক্তি পাবে।