নিজস্ব প্রতিনিধি, বারাসত: চোরাচালান রুখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বিএসএফ। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক আরও মজবুত করতে উদ্যোগী তারা। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে স্বরূপনগরের ১০২ তম ব্যাটালিয়নের তরফে বৃহস্পতিবার গোবর্ধা এলাকার গোবর্ধা উচ্চ বিদ্যালয়ে জনসংযোগ কর্মসূচি হল। সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় খেলার সামগ্রী। উপস্থিত ছিলেন বিএসএফের এডিজি রবি গান্ধী, বিএসএফ পূর্ব কমান্ড(কলকাতা)-র মনিন্দর প্রতাপ সিং পাওয়ার, বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের আইজি তরণী কুমার টিউ সহ অনান্যরা। এদিন ভলিবল, ফুটবল সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রীর পাশাপাশি স্কুল ব্যাগ ও স্টেশনারি শিক্ষামূলক সামগ্রী বিতরণ করা হয়। মূলত, সীমান্ত এলাকার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ জীবনযাত্রাই লক্ষ্য বিএসএফের।



