Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খেজুরির লাখিতে ক্লাবের সরস্বতী পুজোয় উন্মাদনা, চারদিনের উৎসব

খেজুরির লাখিতে ক্লাবের সরস্বতী পুজোয় উন্মাদনা, চারদিনের উৎসব
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: সরস্বতী পুজো উপলক্ষ্যে নানা অনুষ্ঠান ও সামাজিক কর্মসূচিতে জমজমাট হয়ে উঠল খেজুরির লাখি পঞ্চায়েতের ধ্বজিভাঙা বঙ্গভূমি ক্লাব প্রাঙ্গণ। ক্লাবের উদ্যোগে ৩০তম বর্ষের পুজো ঘিরে মেতে উঠলেন এলাকার বাসিন্দারা। বুধবার নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে চারদিনের উৎসবের সমাপ্তি হল। গত কয়েকদিন ধরে এলাকায় উৎসবের মেজাজ ছিল। প্লাস্টিকের ফুল দিয়ে দৃষ্টিনন্দন মণ্ডপ এবং অজন্তা মডেলের প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়ে নেয়। 
Advertisement
১৯৯৬সালে পাড়ার পুজো হিসেবে শুরু হয়েছিল। গ্রামের নিশিকান্ত কামিলা,  বুদ্ধদেব কামিলা, গৌতম কামিলা, শঙ্কর কামিলারা হাতে প্যান্ডেল গড়ে পুজো শুরু করেছিলেন। আগে সেভাবে জাঁকজমক না হলেও গত এক দশক ধরে আড়েবহরে বেড়েছে পুজো। বর্তমানে সরকার স্বীকৃত এই ক্লাব গ্রামীণ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে এলাকায় বিশেষ ছাপ ফেলেছে। ক্লাবের নিজস্ব ভবন প্রাঙ্গণেই মণ্ডপ গড়ে পুজোর আয়োজন করা হয়। পুজোর দিন অঞ্জলি দিতে যেমন বহু মানুষের ভিড় জমে। বহু মানুষ অন্নপ্রসাদ গ্রহণ করেন। পুজো উপলক্ষ্যে বিনামূল্যে স্বাস্থ্যশিবির, যোগা শিবির, চক্ষুপরীক্ষা শিবির, ছোটদের অঙ্কন ও ক্যুইজ প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, দিদি নম্বর ওয়ান-১এর আয়োজন করা হয়েছে। বুধবার ছিল ছদ্মবেশ প্রতিযোগিতা, অন্তাক্ষরী, বাউল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতাগুলিতে কচিকাঁচা সহ মহিলারা অংশগ্রহণ করেন। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফলদের গ্রামের মানুষজনই পুরস্কার তুলে দেন। ক্লাবের সদস্যসংখ্যা ৫৬জন। তার ম঩ধ্যে মহিলাই রয়েছেন ২২জন। সম্পাদক  শুভেন্দু কামিলা, সভাপতি বিমল সামন্ত। এছাড়াও প্রদীপ কামিলা, গুরুপদ কামিলা, শুভময় কামিলা, অনিন্দ্য বাগ, প্রণব কামিলা, শ্রীকান্ত কামিলা সহ সকল সদস্যই পুজো সাফল্যমণ্ডিত করে তুলতে ঝাঁপিয়ে পড়েন। তাঁরা বলেন, গ্রামবাসীরা সবরকম সহযোগিতা করেন। ক্লাব একাধিক সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার চেষ্টা করে।-নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ