Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়গ্রাম ব্লক উত্তরচক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা

খড়গ্রাম ব্লক উত্তরচক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেল। সোমবার পুড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪৪তম এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

খড়গ্রাম ব্লক উত্তরচক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে উন্মাদনা
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ইন্দ্রজিৎ কর্মকার, কান্দি: খড়গ্রাম ব্লক উত্তরচক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেল। সোমবার পুড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ৪৪তম এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৩৪টি বিভাগে এলাকার ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতাকে ঘিরে মিলন মেলার রূপ নেয়। 
Advertisement
এদিন বেলা ১১টা নাগাদ প্রতিযোগিতার শুরুতেই অতিথিদের বরণ করা হয়। হাজির ছিলেন খড়গ্রামের বিধায়ক তথা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত, খড়গ্রাম অবর বিদ্যালয় পরিদর্শক(উত্তর চক্র) রিমি সরকার সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। অতিথি বরণের পর মশাল দৌড়ের মাধ্যমে ক্রীড়া প্রতিযাোগিতার সূচনা হয়। মশালে অগ্নি সংযোগ করেন খড়গ্রামের বিধায়ক। এরপর স্থানীয় ঝিল্লি, সাদল, ইন্দ্রাণী, পদমকান্দি, জয়পুর ও কীর্তিপুর পঞ্চায়েতের নামাঙ্কিত পতাকা উত্তোলন করা হয়। পুরস্কার মঞ্চে পাঁচজন অতিথি পাঁচটি পায়রা ওড়ান। সঙ্গে বেলুনও ওড়ানো হয়। পরে এনসিসি ক্যাডেট ও রং-বেরংয়ের পোশাক পরে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের তরফে মাঠ পরিক্রমা করা হয়। এরপর জাতীয় সঙ্গীত ও রাজ্য সঙ্গীত পরিবেশন করা হয়। এভাবেই নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়।
১০০মিটার দৌড়ের মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। পরে লং জ্যাম্প, হাই জ্যাম্প, যোগাসন, জিমন্যাস্টিক সহ ৩৪টি বিভাগে বালক ও বালিকদের পৃথক প্রতিযোগিতা হয়। বিজয়ীদের প্রথম তিনজনকে পুরস্কৃত করা হয়। যারা এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে, তারা পরবর্তীতে মহকুমাস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। খড়গ্রাম উত্তর অবর বিদ্যালয় পরিদর্শক বলেন, একেবারে সুষ্ঠুভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় অনেক প্রতিভার সন্ধান পাওয়া গিয়েছে।
জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বলেন, এমন জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠান এলাকায় এই প্রথম দেখা গেল। এজন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছি। প্রতিযোগিতার সাংস্কৃতিক পরিবেশ দেখে স্থানীয় বাসিন্দারাও আপ্লুত।
এদিন প্রতিযোগিতা শেষও হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। প্রতিযোগিতায় হাজির সকলের জন্য টিফিন সহ দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ