সংবাদদাতা, মেদিনীপুর: শনিবার সকালে খড়্গপুর স্টেশন থেকে ৩০টি কচ্ছপ সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করে জিআরপি। ধৃতের নাম বিমল শিট। বাড়ি বেলদা থানার সালজপুরে। জিআরপি সূত্রে জানা গিয়েছে, বন্যপ্রাণী পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কচ্ছপগুলি খড়্গপুর বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। বনদপ্তরের এক আধিকারিক বলেন, নিয়ম মতো কচ্ছপগুলি নদী অথবা সমুদ্রে ছেড়ে দেওয়া হবে। মূলত খাওয়ার উদ্দেশ্যে বিক্রি করার জন্য কচ্ছপগুলি নিয়ে আসা হয়। খড়্গপুরের ডিএফও মনীশ যাদব বলেন, এই কচ্ছপ ওড়িশার দিকেই পাওয়া যায়। এদিকে পাওয়া যায় না। জিআরপি সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ধৃত ওড়িশার দিক থেকে বাঘাযতীন এক্সপ্রেসে এসে খড়্গপুর স্টেশনে নামে। ৫ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাওয়ার সময় আরপিএফের সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি চালায়। তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৩০টি কচ্ছপ উদ্ধার হয়। এরপরই আরপিএফ তাকে জিআরপির হাতে তুলে দেয়। জিআরপির এক আধিকারিক বলেন, জেরায় ধৃত স্বীকার করেছে সে ওড়িশার জলেশ্বর থেকে কচ্ছপগুলি কিনে আনছিল। খড়্গপুরের বিভিন্ন বাজারে সেগুলি বিক্রির উদ্দেশ্য ছিল। এদিন ধৃতকে খড়্গপুর এসিজেএম আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।



