Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে কারখানা থেকে দূষণ প্রতিরোধে এসডিওকে ডেপুটেশন, ত্রিপাক্ষিক বৈঠক

খড়্গপুরে কারখানা থেকে দূষণ প্রতিরোধে এসডিওকে ডেপুটেশন, ত্রিপাক্ষিক বৈঠক
  • ২২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর শহর লাগোয়া গ্রামীণ এলাকার একটি কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে। এই অভিযোগ তুলে গত কয়েক বছর ধরে আন্দোলন করছে খড়্গপুর শিল্প দূষণ প্রতিরোধ কমিটি। অভিযোগ, দূষণের ফলে গ্রাম ও শহরের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছেন। ঘরের বারান্দায়, বাড়ির ছাদে, গাছে কালো ছাইয়ের আস্তরণ পড়ে যাচ্ছে। ব্যবহার করা যাচ্ছে না খাবার জলও। নানা রকম রোগ দেখা দিচ্ছে। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে গ্রাম ও শহর নিয়ে গড়ে তোলা হয় এই কমিটি। মঙ্গলবার কমিটির পক্ষ থেকে দূষণ প্রতিরোধের দাবি তুলে খড়্গপুরের এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। দেওয়া হয় ডেপুটেশনও। এসডিও আন্দোলনকারী ও কারখানা কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন। ছিলেন দূষণ পর্ষদের প্রতিনিধিও। 
Advertisement
এসডিও পাতিল যোগেশ অশোক রাও বলেন, কমিটি যেসব দাবি করেছে সেসব নিয়ে আগেই প্রশাসন কারখানা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেছে। শীতকালে দূষণ বাড়ে। তাই তাদের কারখানা লাগোয়া রাস্তায় জল দেওয়ার পরিমাণ আরও বাড়াতে বলা হয়েছে। ডাস্ট কালেকশন মেশিনও বাড়াতে বলা হয়েছে। এবার যা সমস্যা আছে দুই পক্ষ আলোচনা করে নেবে। 
আন্দোলনকারীদের পক্ষে অনিল দাস বলেন, এদিন সদর্থক আলোচনা হয়েছে। এলাকায় দূষণ পর্ষদের অফিস খোলা, দূষণ পরিমাপক যন্ত্র বসানো, বৃক্ষরোপণ করা সহ আমরা কিছু প্রস্তাব দিয়েছি। কারখানায় যাতে একটি অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা হয় সে ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 
কারখানার এগজিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী বলেন, দূষণের পরিমাণ আগের চেয়ে অনেকটাই কমানো গিয়েছে। আমরা বলেছি আমাদের সঙ্গে আন্দোলকারীদের যোগাযোগের জন্য ওঁরা একজন কোঅর্ডিনেটর ঠিক করে দিন। তিনি সময়ে সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দেবেন। কোথায় জল দিতে হবে, গাছ লাগাতে হবে ওঁরা প্রস্তাব দেবেন, আমরা তা করে দেব। 
Advertisement
সম্পর্কিত সংবাদ