Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে দুয়ারে সরকার: লক্ষ্মীর ভাণ্ডার পেতে একদিনে ১৮০০ আবেদনপত্র জমা

খড়্গপুরে দুয়ারে সরকার: লক্ষ্মীর ভাণ্ডার পেতে একদিনে ১৮০০ আবেদনপত্র জমা
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: দুয়ারে সরকার শিবির শুরু হতেই জনগণের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উন্মাদনা। বিশেষ করে আগ্রহ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। বিভিন্ন প্রকল্পে আবেদন জমা দিতে দুয়ারে সরকার শিবিরগুলিতে উপভোক্তাদের ভিড় উপচে পড়ছে। এই প্রকল্পের সুবিধা পেতে সকাল থেকে মহিলারা লাইন দিচ্ছেন। খড়্গপুর শহরে দুয়ারে সরকার শিবিরে একদিনে প্রায় ১৮০০ লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন জমা পড়েছে। পুরসভার ভাইস চেয়ারম্যান তৈমুর আলি খান বলেন, গত ছ’দিনে এই প্রকল্পে জমা পড়া আবেদনই সবচেয়ে বেশি। চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, অন্যান্য দিনে একদিনে এই প্রকল্পে ৫০০ থেকে ৭০০ আবেদন জমা পড়েছে। প্রসঙ্গত শহরের ৩৫টি ওয়ার্ডকে বিভিন্ন ভাগে ভাগ করে এক একদিন এক একটি শিবির হচ্ছে। আটটি স্কুলে এই শিবিরগুলি করা হয়েছে। কোনও স্কুলে তিনটি ওয়ার্ডকে নিয়ে যেমন একটি শিবির হয়েছে। তেমনই কোনও স্কুলে আবার ছ’টি ওয়ার্ডকে নিয়েও একটি শিবির হয়েছে। 
Advertisement
প্রতিটি শিবিরেই উৎসাহী বাসিন্দাদের ভিড় উপচে পড়ছে। সবচেয়ে বেশি ভিড় হচ্ছে মহিলাদের। মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও, চেয়ারপার্সন, ভাইস চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা বিভিন্ন শিবির ঘুরে দেখছেন। শিবিরে আসা বাসিন্দাদের সহযোগিতাও করছেন। বুধবার ট্রাফিক হাইস্কুলে এরকমই একটি শিবির হয়েছিল। যেখানে ৩, ৪, ৫ ও ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিভিন্ন সুবিধা পেতে আবেদন জমা দেন। সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে সেখানে। ভাইস চেয়ারম্যান বলেন, এই শিবিরেই ওইদিন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ১৭৭৭টি আবেদন জমা পড়েছে। 
এদিকে বৃহস্পতিবার সবংয়ে দুয়ারে সরকার শিবির পরিদর্শন করেন মন্ত্রী মানস ভুঁইয়া। এদিন তিনি বলপাই ও ভেমুয়ায় শিবিরে যান। সরকারি কর্মীদের পাশাপাশি শিবিরে বিভিন্ন সুবিধা পেতে আসা বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন বিডিও মানিক সিংহ মহাপাত্র ও পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমি দাস। 
এদিনই রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব মণীশ জৈন ডেবরার বিভিন্ন শিবির পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক মৌমিতা সাহা, বিডিও প্রিয়ব্রত রাড়ি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর। এদিন তাঁরা বিষ্ণুপুর হাইস্কুল, পলাশি প্রাইমারি স্কুল, লোয়াদা হাইস্কুল ও মুরাস্থি প্রাইমারি স্কুলের শিবির পরিদর্শন করেন। কেমন কাজ হচ্ছে তা খতিয়ে দেখেন। এসসি, এসটিদের শংসাপত্র তুলে দেন। উপভোক্তাদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাপত্রও তুলে দেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ