নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’দিন আগে উত্তর ২৪ পরগনার ক্ষুদ্রশিল্প সিনার্জিতে নিজের কেন্দ্রে শিল্পতালুক তৈরির উদ্যোগ নেবেন বলে জানিয়েছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী তথা এলাকার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ৪৮ ঘণ্টার মধ্যেই এই প্রকল্প নিয়ে প্রথম বৈঠক সেরে ফেললেন শোভনবাবু। খড়দহ বিধানসভা কেন্দ্রের বিলকিন্দা ১ গ্রাম পঞ্চায়েতে শিল্পতালুক গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে জমি চিহ্নিত করা হয়েছে। সে বিষয় বৃহস্পতিবার সকালে বারাকপুর ২ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ সমীর দাস ও উপপ্রধান প্রদীপ দাসের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সূত্রের খবর, তার পরেই বিস্তারিত তথ্য সহ এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ক্ষুদ্রশিল্প সচিব রাজেশ পান্ডেকে। শোভনদেববাবু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে শিল্পতালুক বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফলে খড়দহের মানুষের আরও কর্মসংস্থানের লক্ষ্যেই এখানে শিল্প তালুক তৈরির চেষ্টা করা হচ্ছে।
Advertisement
এছাড়াও এদিন ক্ষুদ্রশিল্প নিয়ে বৈঠক করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। ইতিমধ্যে ১৫টি জেলায় সিনার্জি অনুষ্ঠিত হয়েছে। যেখানে শিল্পোদ্যোগী তাঁদের নানা সুবিধা অসুবিধার কথা তুলে ধরেছেন। তাঁদের সমস্যা অবসানের লক্ষ্যেই এদিন বৈঠক করেন মুখ্যসচিব। মালদহতে একটি ট্রাক টার্মিনাল তৈরি হবে। সেই ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, তা সুনিশ্চিত করতে বলা হয়েছে। শিল্পের জন্য প্রয়োজনীয় রাস্তা তৈরি, জমির লিজ সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি, পরিবেশ সহ অন্যান্য প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়ার কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। কমার্শিয়াল বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার ক্ষেত্রেও যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলেই সূত্রের খবর।



