Bartaman Logo
২৭ মে, ২০২৬

কংগ্রেস নেতাকে কড়া বার্তা কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রীর

কংগ্রেস নেতাকে কড়া বার্তা কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রীর
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
বেঙ্গালুরু: সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামীর উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন কর্ণাটকের মন্ত্রী জমির আহমেদ খান। শনিবার কংগ্রেস নেতাকে কড়া বার্তা দিলেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্য, ‘জমির যা বলেছেন, তা ঠিক নয়। তাঁর সঙ্গে দলীয় নেতৃত্বের কথা হয়েছে। এই আচরণের জন্য ক্ষমা চেয়েছেন জমির।’ প্রসঙ্গত, জমির কর্ণাটকের হাউজিং, ওয়াকফ ও সংখ্যালঘুমন্ত্রী। 
Advertisement
অভিযোগ, চান্নাপাটনা উপ নির্বাচনের প্রচারে কুমারস্বামীর উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেছিলেন জমির। সেখানে কংগ্রেস নেতা বলেন, ‘টাকা তুলে কুমারস্বামীর পরিবারকে কেনার ক্ষমাত রাখে মুসলিম সম্প্রদায়।’ কেন্দ্রীয় মন্ত্রীকে তাঁর গায়ের রং নিয়েও কটাক্ষ করেন জমির। বারবার কুমারস্বামীকে ‘কালিয়া’ বলে ডাকতে থাকেন। পরে অবশ্য এর জন্য জেডি (এস) নেতার কাছে ক্ষমাও চান জমির। কংগ্রেস নেতা দাবি করেন, ভালোবেসে কুমারস্বামীকে ওই ডাকনাম দিয়েছিলেন তিনি। তাতে অবশ্য লাভ হয়নি। ওয়াকফ বিতর্কের পাশাপাশি কুমারস্বামীরকে নিয়ে জমিরের এই মন্তব্যকে ঘিরে দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়। অবশেষে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী। শিবকুমার বলেন, ‘ধন দৌলত হোক বা গায়ের রং। এই আচরণ মোটেই উচিত নয়। ভালোবাসার দোহাই দিয়ে এমন মন্তব্য নিন্দনীয়।’
সম্পর্কিত সংবাদ