নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কড়েয়ায় খুনের ঘটনায় এবার কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট। গত ১২ জুলাই কড়েয়ায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর শরীরে একাধিক ক্ষতচিহ্ন ছিল। মৃতের স্ত্রী নাগমা বিবির দাবি, তাঁর স্বামীকে একাধিক ব্যক্তি মিলে হত্যা করেছে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর দাবি, তদন্তে গতি নেই। বিষয়টি দেখার জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক। বৃহস্পতিবার নিম্ন আদালতে এই মামলার শুনানি রয়েছে। তার আগে মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হয়। সেখানে রাজ্যের তরফে দাবি করা হয়, এই খুনে ইতিমধ্যেই অসমের তিনসুকিয়া থেকে একজনকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। মৃতের স্কুটিটিও উদ্ধার করা হয়েছে। মামলাকারীর আইনজীবী পাল্টা দাবি করেন, যেভাবে খুন করা হয়েছে, তা একজনের পক্ষে সম্ভব নয়। এই ঘটনায় আরও অনেকে জড়িত। তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করছে পুলিস? এই বক্তব্য শোনার পর বিচারপতি জানিয়ে দেন, যা অভিযোগ তাতে আগে কেস ডায়েরি দেখতে হবে। তারপরে চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে। ২৩ ডিসেম্বর কেস ডায়েরি দেখার পর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। যদিও নিম্ন আদালতে শুনানিতে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি হাইকোর্ট। সেখানে আপাতত শুনানি চলবে।



