Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাঁচরাপাড়া, হালিশহরে হকারদের জন্য শীঘ্রই চালু পুনর্বাসন প্যাকেজ

কাঁচরাপাড়া, হালিশহরে হকারদের জন্য শীঘ্রই চালু পুনর্বাসন প্যাকেজ
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁচরাপাড়ার কেজিআর পথ, ওয়ার্কশপ রোড এবং হালিশহরের স্টেশন রোডে তুলে দেওয়া হকারদের জন্য বিকল্প জায়গায় কিয়স্ক বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য খুব শীঘ্রই ওই দুই পুরসভা এবং পূর্তদপ্তরের অফিসার, ইঞ্জিনিয়াররা যৌথভাবে সমীক্ষা চালাবেন। কী করে ওইসব হকারদের সুষ্ঠু পুনর্বাসন দেওয়া যায়, সেজন্য পূর্তমন্ত্রী পুলক রায়ের সঙ্গে আলোচনা করেছেন স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী। পূর্তদপ্তরের জমিতে তাঁদের লিজের ভিত্তিতে কিয়স্ক দেওয়ার জন্য পূর্তমন্ত্রীকে আবেদন করেছেন তিনি। 
Advertisement
কাঁচরাপাড়ায় কলেজ মোড় পর্যন্ত ব্যস্ত কেজিআর পথ। রাস্তাটির ধারে একাধিক নামীদামি ব্র্যান্ডের প্রতিষ্ঠান রয়েছে। সেগুলির সামনেই বিভিন্ন জায়গায় হকাররা বসে গিয়েছিলেন। ফলে সেইসব শপিং মল, সেন্টারে প্রবেশের ক্ষেত্রে সমস্যা হতো। ফুটপাত দিয়ে হাঁটার ক্ষেত্রেও সমস্যায় পড়তেন পথচারীরা। পুরসভা ও পুলিসের পক্ষ থেকে কাঁচরাপাড়া ও হালিশহর– এই দুই পুরসভায় সমস্ত দখলদারদের উচ্ছেদ করা হয়। এমনকী রাস্তার উপরে থাকা তৃণমূল ও সিপিএমের পার্টি অফিসও ভেঙে ফেলা হয়।
কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী বলেন, রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, রাস্তায় দখলদার রাখা যাবে না। আমরা সেই মত সকলকে সরিয়ে দিয়েছি। তবে হকারদের অবশ্যই পুনর্বাসন দেওয়া হবে। তাদের যাতে কোন অসুবিধা না হয়, সে জন্যই আমরা এই ব্যবস্থা করছি। আর হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, হালিশহর স্টেশন রোড থেকে হকারদের সরিয়ে দেওয়া হয়েছে। সুষ্ঠু পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী জানিয়েছেন, সুন্দর শহর গড়ে তোলাই আমাদের লক্ষ্য। হকারদের সরিয়ে দিয়ে পূর্তদপ্তরের জমিতে কিয়স্ক বসিয়ে তাঁদের পুনর্বাসন দেওয়া হবে। হকারদের পুরসভা থেকে ট্রেড লাইসেন্সও দেওয়া হবে। একটি ভাড়াও নেওয়া হবে। এজন্য পূর্তমন্ত্রী পুলক রায়ের সঙ্গে কথা হয়েছে। তাঁর দপ্তর আর পুরসভার ইঞ্জিনিয়াররা যৌথভাবে সমীক্ষা চালাবেন। খুব শীঘ্রই দুটি পুরসভা থেকে একটি সুষ্ঠু পুনর্বাসন প্যাকেজ করা হচ্ছে হকারদের জন্য। 
Advertisement
সম্পর্কিত সংবাদ