Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কাঁচরাপাড়ায় বৃদ্ধার নলি কাটা মৃতদেহ উদ্ধার, খুনের কারণ নিয়ে ধন্দে পুলিস

কাঁচরাপাড়ায় বৃদ্ধার নলি কাটা মৃতদেহ উদ্ধার, খুনের কারণ নিয়ে ধন্দে পুলিস
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ঘরের ভিতর থেকে এক বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল কাঁচরাপাড়ার পাল্লাদহ এলাকায়। এলাকাটি জেটিয়া থানার অন্তর্গত। শুক্রবার সকালে পাল্লাদহ এলাকায় ঘরের ভিতর থেকে নলি কাটা অবস্থায় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই ওই বৃদ্ধার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। তবে খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ফরেনসিক টিমকে খবর দেওয়া হতে পারে।
Advertisement
মৃতের নাম ফুলজান বিবি (৭৯)। তাঁর মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। যদিও পরিবার নিয়ে মেয়ে মায়ের কাছেই থাকতেন। প্রতিবেশীদের সঙ্গেও সুসম্পর্ক ছিল তাঁর। নিহত বৃদ্ধার মেয়ে বলেন, আমরা ঘুম থেকে সকালেই উঠে পড়ি। মা বেলা ৯টা নাগাদ ওঠেন। আমরা একসঙ্গে চা খাই। মায়ের রেশন কার্ড নিয়ে সমস্যা হচ্ছে। তাই এদিন বিডিও অফিস যাওয়ার কথা ছিল। মাকে সকাল সকাল ঘুম থেকে ডেকে তোলার জন্য যাই। মা সাধারণত দরজা লাগিয়ে ঘরে আলো জ্বেলে ঘুমোন। এদিনও তাই করেছিলেন। মাকে বার বার ডাকাডাকি করলেও কোনও সাড়া পাইনি। এরপর মায়ের ঘরের দরজায় ধাক্কা দিতেই তা খুলে যায়। ভিতরে গিয়ে দেখি, মা বিছানায় পড়ে রয়েছেন। বিছানা রক্তে ভেসে যাচ্ছে। আমি চিৎকার করতেই সকলে ছুটে আসে। তারপর জেটিয়া থানার পুলিসকে খবর দেওয়া হয়। পুলিস এসে মৃতদেহ নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। কে কী কারণে এই ঘটনা ঘটাল, সেটা বুঝতে পারছে না বৃদ্ধার পরিবার। 
প্রতিবেশীদের বক্তব্য, বৃদ্ধা ফুলজান বিবির কারও সঙ্গে কোনওরকম বিবাদ ছিল না। তাঁদের আর্থিক অবস্থাও ভালো না। সম্পত্তির লোভে তাঁকে খুন করা হয়েছে, এমনও মনে হচ্ছে না। ফুলজান বিবির মেয়েও বলেন, মায়ের কোনও সম্পত্তি ছিল না যে, সেজন্য কেউ খুন করবে তাঁকে। তবে, পাশে একজন ভাড়াটে ছিলেন। মাসখানেক ধরে তাঁরা নেই। আমরা চাই, পুলিস তাঁদের ভূমিকা খতিয়ে দেখুক। তবে, এদিন সন্ধ্যা পর্যন্ত খুনের মোটিভ সম্পর্কে অন্ধকারেই পুলিস। প্রতিবেশী সহ সকলের সঙ্গে কথা বলে খুনের কারণ বুঝতে চাইছে তারা।
Advertisement
সম্পর্কিত সংবাদ