সংবাদদাতা, উলুবেড়িয়া: শ্যামপুরের রোহন, সৃজা, পৌলমী, সুতৃষ্ণা, বিশাল, শুভমরা এখন প্রতিদিন স্কুলে যাওয়ার জন্য মুখিয়ে থাকে। স্কুলে শুধু পড়াশোনা নয়, তার পাশাপাশি শিক্ষকদের সঙ্গে কিচেন গার্ডেন পরিচর্যা থেকে শুরু করে বাগান তৈরি, মিড ডে মিলের সব্জি সংগ্রহ করা তাদের নেশায় পরিণত হয়েছে। সপ্তাহের বিভিন্ন দিনে মিড ডে মিলে হরেক পদ পেয়ে বেজায় খুশি এই কচিকাঁচারা। মিড ডে মিলে খুদে পড়ুয়াদের তাজা সব্জি খাওয়ানোর লক্ষ্যে শ্যামপুর ১ নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকা ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের কাঁঠানলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলেই কিচেন গার্ডেন তৈরির পরিকল্পনা করেন। তবে স্কুল প্রাঙ্গণে জায়গা না থাকায় ছাদেই কিচেন গার্ডেন তৈরি করা হয়েছে। কোথাও প্লাস্টিকের জলের জার কেটে তার মধ্যে মাটি দিয়ে, আবার কোথাও বস্তার মধ্যে বা পলিথিন পেতে তার উপর মাটি দিয়ে সব্জির চাষ হচ্ছে। এই বাগানেই ফলছে ফুলকপি, লাউ, বেগুন থেকে টম্যাটো, ওল, মটরশুঁটি, বিন সহ বিভিন্ন শীতকালীন সব্জি।
Advertisement
স্কুলের সহকারী শিক্ষক দেবরাজ মণ্ডল বলেন, বাইরে থেকে মাটি এনে ছাদে কিচেন গার্ডেন তৈরি করা হয়েছে। বাগান তৈরি করার জন্য প্রশাসন আমাদের পাঁচ হাজার টাকা দিয়েছে। বর্তমানে শীতকালীন সব্জি চাষ হলেও শীতের শেষে অন্যান্য সব্জি চাষ করা হবে। দেবরাজবাবু বলেন, কিচেন গার্ডেনের তাজা সব্জি মিড ডে মিলের রান্নায় ব্যবহার করা হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক সাধনকুমার প্রামাণিক বলেন, বর্তমানে এই স্কুলে ৭১ জন পড়ুয়া এবং চারজন শিক্ষক-শিক্ষিকা আছেন। এই কিচেন গার্ডেন একদিকে যেমন পড়ুয়াদের পুষ্টি জোগাবে, তেমনই গাছের প্রতি তাদের ভালোবাসা জন্মাবে।



