Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কিছু জেলায় বরাদ্দের অর্ধেক টাকাও খরচ হয়নি, চিন্তায় পঞ্চায়েত দপ্তর

কিছু জেলায় বরাদ্দের অর্ধেক টাকাও খরচ হয়নি, চিন্তায় পঞ্চায়েত দপ্তর
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচের ক্ষেত্রে কয়েকটি জেলা চিন্তা বাড়িয়েছে পঞ্চায়েত দপ্তরের। কয়েকটি জেলা ৫০ শতাংশ টাকাও খরচ করতে পারেনি। কয়েকটি জেলা সবে অর্ধেক টাকা খরচ করেছে বলে জানা যাচ্ছে। তাই টাকা খরচের উপর জোর দিতে বলছেন দপ্তরের আধিকারিকরা। সূত্রের খবর, চলতি আর্থিক বছরে সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ 
Advertisement
করার লক্ষ্যমাত্রা নিয়েছিল দপ্তর। তার মধ্যে এখন প্রায় তিন হাজার কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। যে জেলাগুলি এখনও পিছিয়ে আছে, তারা খরচের হার না বাড়ালে নির্ধারিত লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছনো কঠিন হতে পারে বলে মনে করছেন আধিকারিকরা।
খরচের নিরিখে পিছিয়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদের মতো বড় দু’টি জেলা। দপ্তরের সাম্প্রতিক প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে, ওই দুই জেলার পাশাপাশি পুরুলিয়া ও মালদহ অর্ধেক টাকা খরচ করে উঠতে পারেনি এখনও। এছাড়া হাওড়া জেলা প্রশাসনের কাজ নিয়েও অখুশি দপ্তর। তারাও তালিকার শেষে আছে। কিন্তু কেন এই হাল? জানা গিয়েছে, জেলাগুলির দাবি, গত দু’মাস ধরে আবাস সমীক্ষার কাজ চলছে। সেই কাজে সবাই ব্যস্ত রয়েছেন। তাই পঞ্চদশ অর্থ কমিশনের টাকা দিয়ে গ্রামোন্নয়নের কাজে খুব একটা জোর দিতে পারেননি জেলা ও ব্লকের আধিকারিকরা। যদিও নির্ধারিত সময়ের মধ্যে টাকা খরচ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছে তারা। সূত্রের খবর, চলতি অর্থবছরে আরও তিন হাজার কোটি টাকা পাওয়ার কথা রয়েছে রাজ্যের। সেক্ষেত্রে আগের টাকা খরচ না করতে পারলে সমস্যা হতে পারে।
সম্পর্কিত সংবাদ