Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কোচবিহার পুরসভার দেশবন্ধু মার্কেটের অবস্থা বেহাল, দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা

কোচবিহার পুরসভার দেশবন্ধু মার্কেটের অবস্থা বেহাল, দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, দেওয়ানহাট: রক্ষণাবেক্ষণের অভাবে খসে পড়ছে কোচবিহার পুরসভা নিয়ন্ত্রিত দেশবন্ধু মার্কেট ভবনের পলেস্তারা। বেহাল অবস্থায় রয়েছে বাজারের ভিতরে ঢোকার রাস্তা ও নিকাশি নালাও। বাজারের ভিতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সেখানে সন্ধ্যার পর মদ-জুয়ার আসর বসছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। শুধু তাই নয়, বাজারে শৌচালয় থাকলেও ব্যবহারের সুযোগ পাচ্ছেন না বাজারে আসা ক্রেতারা। কারণ শৌচালয়ের দরজায় তালা ঝুলছে। অবিলম্বে বেহাল বাজার সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত আলো, রাস্তা সংস্কারের দাবি তুলেছে বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে মার্কেটে নিয়মিত কেনাকাটা করতে আসা ক্রেতারাও। 
Advertisement
রাসমেলা মাঠের পাশেই কোচবিহার পুরসভার নিয়ন্ত্রিত দেশবন্ধু মার্কেট গড়ে তোলা হয় ২০০০ সালে। পুরসভার তৎকালীন চেয়ারম্যান বীরেন কুণ্ডুর উদ্যোগে মার্কেটটি গড়ে তোলা হয়েছিল। শহরের গুরুত্বপূর্ণ এই বাজারে সবমিলিয়ে শতাধিক ব্যবসায়ী রয়েছেন। বাজারের এমন বেহাল অবস্থা প্রসঙ্গে দেশবন্ধু মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন সাহা বলেন, বাজারের অবস্থা এক কথায় জঘন্য। বলে বোঝানো যাবে না। একাধিকবার পুরসভাকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। ভবন থেকে পলেস্তারা খসে পড়ছে। নিকাশি নালা অবস্থা শোচনীয়। বাজারের ভিতরে একটি মন্দির আছে, তার পাশেই নালার জমা জল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্ল্যাবগুলির ভেঙে আছে। বাজারে আলোর ব্যবস্থা নেই। অন্ধকারের সুযোগ নিয়ে সেখানে মদের আসর বসছে। ফলে ক্রমশ এই বাজার থেকে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনটা চলতে থাকলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। 
এই মার্কেটে নিয়মিত বাজার করতে আসেন কোচবিহার শহরেরই বাসিন্দা তাপস দাস, সুপর্ণা দে বলেন, রক্ষণাবেক্ষণের অভাবে বাজারটির বেহাল অবস্থায়। ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। বাজারে ঢোকার মুখে নালার উপর থাকা স্ল্যাবগুলি ভেঙে থাকায় যাতায়াতে খুবই সমস্যা হয়। বাজারের ভিতরে পর্যাপ্ত আলোও নেই। 
কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ওখানে মদের আসর বসলে তো আগে ব্যবসায়ীদের প্রতিবাদ করে এগিয়ে আসা উচিত। পুলিসকে জানানো দরকার। তিনি আরও বলেন, বাজারে তো 
পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে। তবুও আমি বিষয়টি খতিয়ে দেখব।  নিজস্ব চিত্র।
Advertisement
সম্পর্কিত সংবাদ