Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ব্যস্ত সময়ে বাড়তি মেট্রো

কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে ব্যস্ত সময়ে বাড়তি মেট্রো
  • ১৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ত্রুটিপূর্ণ’ পরিচালন ব্যবস্থার ফলে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে গত কয়েক সপ্তাহ ধরে মেট্রো পরিষেবার সময়সূচি কার্যত বিপর্যস্ত বলে অভিযোগ। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কলকাতার এই গর্বের যান। ফলে চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে লক্ষ লক্ষ যাত্রীকে। সেই খামতি ঢাকতে এবার ব্যস্ত সময়ে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। আজ, সোমবার থেকে নর্থ-সাউথ করিডরে দিনের ব্যস্ত সময় ১৪টি বাড়তি মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। নোয়াপাড়া থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে আপ ও ডাউনে এই স্পেশাল সার্ভিস চলবে। সকাল ন’টা থেকে ১১টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তা চলবে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, পরীক্ষামূলক এই ব্যবস্থায় যাত্রীরা দিনের ব্যস্ত সময় ছ’মিনিটের ব্যবধানে মেট্রোয় সফর করতে পারবেন। এদিন থেকে প্রান্তিক স্টেশনগুলি থেকে দিনের প্রথম মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। আজ, সোমবার থেকে দিনের শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে রাত ন’টা ৩৩ মিনিটের বদলে ন’টা ২৮ মিনিটে ছাড়বে। সম্প্রতি বিভিন্ন সময় উত্তরমুখী মেট্রোর যাত্রা দমদমের বদলে নোয়াপাড়ায় শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। একইভাবে নোয়াপাড়া থেকে যাত্রা শুরুর সিদ্ধান্তও হয়েছিল। সেই মতো সময়সূচি অদলবদল করা হয়েছিল। কিন্তু পরিকাঠামোগত প্রস্তুতি ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়ায় কয়েকদিনের মধ্যেই গোটা রুটে মেট্রো চলাচল কার্যত মুখ থুবড়ে পড়ে। পূর্বেকার সিদ্ধান্ত থেকে সরে আসে রেল। তার জেরে দুই মেট্রোর মধ্যে ব্যবধান আগের তুলনায় বাড়তে শুরু করে। সেই সূত্রে সমস্যা হয়। যা এখনও চলছে। যাত্রীদের বক্তব্য, এখন দেখার বাড়তি মেট্রো চালিয়ে পরিষেবার মান উন্নত সম্ভব কি না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ