নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের মেট্রো পরিচালন ব্যবস্থায় কবি সুভাষ স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নর্থ-সাউথ করিডরে প্রতিদিন লক্ষাধিক যাত্রী কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে যাতায়াত করেন। সেই সঙ্গে গত মার্চে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) পর্যন্ত রুটে যাত্রী পরিষেবা শুরু হয়েছে। দু’টি আলাদা রুটের মেট্রো ধরার জন্য যাত্রীদের ভিড় জমে কবি সুভাষ স্টেশনে। এহেন গুরুত্বপূর্ণ একটি স্টেশনের এসক্যালেটর খারাপ হয়ে পড়ে রয়েছে। সিঁড়ি ভেঙে অনেকটা উঁচুতে উঠতে গিয়ে চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের জন্য সমস্যা কয়েকগুণ বেশি। দীর্ঘ সিঁড়ি ধরে মেট্রো ধরতে উঠে অনেককেই রীতিমতো হাঁপাতে দেখা যাচ্ছে। যাত্রীদের অভিযোগ, বিষয়টি নিয়ে বারবার স্টেশন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনও লাভ হয়নি। চলমান সিঁড়ি মেরামতের কোনও তোড়জোড়ও দেখা যাচ্ছে না।
Advertisement
এদিকে, এই স্টেশনে নর্থ-সাউথ করিডরের প্ল্যাটফর্মের উচ্চতাজনিত সমস্যার সমাধান আদৌ সমাধান হবে কি না, তা নিয়ে বিভ্রান্ত রেলকর্তাদের একাংশই। কারণ, নতুন মেট্রো রেকগুলি আগের নন-এসি রেকগুলির তুলনায় নিচু। তাই প্ল্যাটফর্ম থেকে রেকে ঢোকার জায়গা অনেকটা নীচে থাকছে। সেই কারণে অনেক সময় যাত্রীরা অসাবধানতাবশত পা ফেলে দুর্ঘটনার কবলে পড়ছেন। কবে সমস্যাগুলির সুরাহা হবে, সেদিকেই তাকিয়ে ভুক্তভোগীরা।



