এবার কার্তিক আরিয়ান বনাম কার্তিক আরিয়ান। অর্থাৎ পর্দায় এক নায়কের দুই চরিত্রের দ্বৈরথ দেখবেন দর্শক। তেমনই গল্প নিয়ে তৈরি হচ্ছে করণ জোহর প্রযোজিত ‘নাগজিলা’। ‘দোস্তানা ২’ ছবি ঘিরে করণ ও কার্তিকের বিবাদ তুঙ্গে উঠেছিল। যদিও তাঁদের দূরত্ব কমেছে। করণের প্রযোজনা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবিতে কাজ করছেন কার্তিক। পাশাপাশি আরও একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা। শোনা যাচ্ছে, মৃগদীপ সিং পরিচালিত কমেডি ঘরানার এই ছবিতে মানুষ ও সাপের দ্বৈরথ দেখা যাবে। সেখানেই দ্বৈত ভূমিকায় অভিনয় করবেন কার্তিক। ইতিবাচক চরিত্রের পাশাপাশি নেতিবাচক ভূমিকাতেও তাঁকেই দেখা যাবে বলে খবর। বর্তমানে অনুরাগ বসুর পরিচালনায় শ্রীলীলার বিপরীতে ‘আশিকি ৩’ সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত নায়ক। এরপর ‘তু মেরি...’ ছবির শ্যুটিং করার কথা রয়েছে তাঁর। সেই ছবির কাজ শেষ হলে আগামী সেপ্টেম্বর থেকে ‘নাগজিলা’র শ্যুটিং শুরু করবেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর জুলাই মাসে মুক্তি পাবে ছবিটি। তবে এই ছবিতে কার্তিকের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে, তা জানা যায়নি।



