সংবাদদাতা, কাঁথি: ৩৪ জন ছাত্রছাত্রী। মাত্র একজন শিক্ষিকা। এভাবেই চলছে কাঁথির দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর পঞ্চায়েতের ভোগপুর শিশু শিক্ষাকেন্দ্র। শিশু শিক্ষাকেন্দ্রে ঢোকার জন্য যে মাটির সরু রাস্তাটি রয়েছে, সেটিও বর্ষায় জলে ডুবে গিয়েছে। রয়েছে নানা পরিকাঠামোর অভাব। অভিভাবকরা অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন। ২০০০সালে প্রশাসন ও শিক্ষাদপ্তরের উদ্যোগে সমুদ্রউপকূলবর্তী ভোগপুর এলাকায় শিশু শিক্ষাকেন্দ্রটি প্রতিষ্ঠা হয়। গ্রামের শীতলা মন্দির সংলগ্ন মাঠেই এই শিশু শিক্ষাকেন্দ্রটি রয়েছে। প্রথম থেকেই তিনজন শিক্ষিকা ছিলেন। ছাত্রছাত্রী সংখ্যাও ভালো ছিল। কিন্তু, বর্তমান পরিস্থিতি অন্যরকম। কয়েকবছর আগে একজন শিক্ষিকা অবসর নেন। বছরচারেক আগে আর একজন শিক্ষিকা অন্য শিশু শিক্ষাকেন্দ্রে বদলি হয়ে চলে যান। তারপর থেকে একাই শিশুপড়ুয়াদের সামলাচ্ছেন ঝরনা রায়। তাদের পড়ানো থেকে শুরু করে লক্ষ্য রাখা, মিড ডে মিল পরিচালনা করা-সবই একার হাতে করতে হয়। আবার প্রশাসনিক কাজে ব্লকে কিংবা পঞ্চায়েতেও যেতে হয়। এদিকে, স্কুলের নলকূপটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে। মিড ডে মিলের রান্না এবং ছাত্রছাত্রীদের পানীয় জলের প্রয়োজন মেটানোর জন্য ড্রামে জল বয়ে আনা হয়। শৌচালয়ও অনেকদিন ধরে ভাঙাচোরা। কার্যত ব্যবহারের অযোগ্য।



