• সম্প্রতি কলামণ্ডলমের উদ্যোগে আয়োজিত হল এক মনোজ্ঞ অনুষ্ঠান। গুরু গোবিন্দন কুট্টি প্রেক্ষাগৃহে আয়োজিত এই সঙ্গীত নৃত্য সন্ধ্যায় ভরতনাট্যম, মোহিনীআট্যম, মণিপুরী, কুচিপুরী, ওড়িশির মতো নৃত্যকলা পরিবেশিত হয়। ওড়িশি পরিবেশন করেন মল্লিকা মিত্র। তাঁর পরিবেশনা স্মরণ করিয়ে দেয় প্রয়াত শিল্পী সংযুক্তা পানিগ্রাহীর ধারাকে। এরপর কলামণ্ডলমের ছাত্রী তথা দিল্লিনিবাসী অনসূয়া বন্দ্যোপাধ্যায়ের ভরতনাট্যম ও সুমনা চট্টোপাধ্যায় মণিপুরী পরিবেশন করেন। কুচিপুরী পরিবেশনায় ছিলেন পদ্মভূষণ ডঃ ভেম্পতি চিন্নাসত্যমের নাতনি ভেম্পতি লক্ষ্মী কামেশ্বরী। সত্যভামার কৃষ্ণ অনুরাগ, বিরহ, কষ্টের কাহিনি নৃত্যের মাধ্যমে তুলে ধরেন শিল্পী। এই উপস্থাপনা মুগ্ধ করে দর্শককে। এরপর ফের ওড়িশি পরিবেশন করেন আশিস কুমার পাধি। শেষ পরিবেশনা ছিল কলামণ্ডলমের ছাত্রী স্বর্ণদীপা মহন্তর। সমগ্র অনুষ্ঠান প্রত্যক্ষ করেন ধ্রুপদী নৃত্যের এক উজ্জ্বল নক্ষত্র গুরু থাঙ্কমণি কুট্টি। সামগ্রিক আয়োজনে ছিলেন তাঁর পুত্র সোমনাথ কুট্টি।



