Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ব্রাজিল দলের সহকারী কোচ হতে রাজি কাকা

ব্রাজিল দলের সহকারী কোচ হতে রাজি কাকা
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিও ডি জেনেইরো: প্রাক্তন গুরু কার্লো আনসেলোত্তির ডাকে সাড়া দিয়ে আবারও ব্রাজিল দলে ফিরছেন কাকা। তবে ফুটবলার হিসেবে নয়, জাতীয় দলের সহকারী কোচের পদে দেখা যাবে এই প্রাক্তন মিডিওকে। গত সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে হেড কোচের পদে আনসেলোত্তির নাম ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। একই সঙ্গে নিজের মতো করে সাপোর্ট স্টাফ বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয় অভিজ্ঞ কোচকে। সাম্বা ফুটবলের ঘরানার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার লক্ষ্যে এমন একজনকে তিনি পাশে চাইছেন, যার সঙ্গে তাঁর বোঝাপড়া ভালো। সেই মতো কাকার সঙ্গে যোগাযোগ করেন ইতালিয়ান কোচ। দু’জনের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। এরপরই জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন কাকা। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রাক্তন তারকা জানান, ‘দল যদি মনে করে, কোনওভাবে আমি কাজে লাগতে পারি, তাহলে নিজেকে গর্বিত মনে করব। এই মুহূর্তে আমাদের সকলের লক্ষ্য, ব্রাজিলকে আবারও সেরা সময়ে ফিরিয়ে আনা। তার জন্য আমি যে কোনও দায়িত্ব পালনে প্রস্তুত।’

Advertisement

আনসেলোত্তির প্রশিক্ষণে এসি মিলানের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক ট্রফি জেতেন কাকা। তারই স্বীকৃতি স্বরূপ ২০০৭ সালে তাঁর হাতে ওঠে ব্যালন ডি’ওর। ২০১৭ সালে ফুটবলকে বিদায় জানান তিনি। তারপর অবশ্য ফুটবলের মূল স্রোত থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। তবে দীর্ঘ সময় পর ফের জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আসতেই, দু’হাতে তা লুফে নেন প্রাক্তন সেলেকাও তারকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ